ওয়েলিংটন টেস্টে সাতটি ৫০ রানের পার্টনারশিপ, রেকর্ডের ছড়াছড়ি ভারতের

Image: X

শুধু বড় রান নয়, ভারতীয় ব্যাটিংয়ের গভীরতাও প্রমাণিত হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে। একের পর এক ব্যাটার রান পেলেন। কেউ শতরান করলেন, কেউ আটকে গেলেন শতরানের কাছাকাছি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতের প্রথম সাতটি উইকেটের প্রতিটিতে অন্তত ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ভারতের ব্যাটাররা।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দল একটি ইনিংসে প্রথম সাতটি উইকেটের প্রতিটিতে ৫০ বা তার বেশি রানের জুটি গড়ল।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৬৮ রানে। জবাবে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। অর্থাৎ ৩৫২ রানের বিশাল লিড নেয় তারা। এই ইনিংসে শুধু কেএল রাহুল ও ঋষভ পন্থের শতরান নয়, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, শুভমান গিল এবং ধ্রুব জুরেলের ব্যাটেও এসেছে গুরুত্বপূর্ণ রান।

ভারতের হয়ে প্রথম উইকেটে যশস্বী ও রাহুল যোগ করেন ১৩০ রান। দ্বিতীয় উইকেটে রাহুল ও পাড়িক্কলের জুটি থেকে আসে ১৬৫ রান। তৃতীয় উইকেটে রাহুল ও শুভমান গিল যোগ করেন ৯১ রান। চতুর্থ উইকেটে গিল ও পন্থের জুটি ১০০ রান তোলে।


আরও পড়ুন: ওয়েলিংটনে পন্থের রেকর্ডের ঝড়! ম্যাকালামকে টপকে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ছয়ের মালিক, এশিয়ার প্রথম উইকেটকিপারের নজির

এর পরেও থামেনি ভারতের রান তোলার গতি। পঞ্চম উইকেটে পন্থ ও অংশুল কাম্বোজ যোগ করেন ৬৮ রান। ষষ্ঠ উইকেটে পন্থ ও ওয়াশিংটন সুন্দরের জুটি থেকে আসে ৭৫ রান। সপ্তম উইকেটে সুন্দর ও ধ্রুব জুরেল যোগ করেন আরও ৫৪ রান। অর্থাৎ প্রথম সাতটি উইকেটের প্রতিটির জন্যই ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপ গড়ে ভারত।

সাত জুটির পরিসংখ্যান

প্রথম উইকেট: যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল – ১৩০ রান।
দ্বিতীয় উইকেট: কেএল রাহুল ও দেবদত্ত পাড়িক্কল – ১৬৫ রান।
তৃতীয় উইকেট: কেএল রাহুল ও শুভমান গিল – ৯১ রান।
চতুর্থ উইকেট: শুভমান গিল ও ঋষভ পন্থ – ১০০ রান।
পঞ্চম উইকেট: ঋষভ পন্থ ও অংশুল কাম্বোজ – ৬৮ রান।
ষষ্ঠ উইকেট: ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর – ৭৫ রান।
সপ্তম উইকেট: ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল – ৫৪ রান।

আরও পড়ুন: রবিবার ফের ভারত-পাকিস্তান মহারণ, বৈভব-অভিষেকদের সামনে কঠিন পরীক্ষা! প্রতিশোধের সুযোগ তিলকদের, কোন দল এগিয়ে?

ভারতের আরও নজির

সাতটি ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপের কৃতিত্ব অবশ্য ভারতীয় দলের কাছে নতুন নয়। ২০০৭-এ ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে একটি ইনিংসে আটটি ৫০ রানের বেশি পার্টনারশিপ গড়েছিল ভারত। টেস্ট ক্রিকেটে সেটিই এখনও এক ইনিংসে সর্বাধিক ৫০ রানের পার্টনারশিপের নজির। এ বার ওয়েলিংটনে সাতটি এমন জুটি গড়ে আরও এক বার ইতিহাসে নাম লেখাল ভারত।

শুধু পার্টনারশিপ নয়, দলগত রানেও নজির গড়েছে ভারত। ৭২০/৯ রান ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংস। নিউজিল্যান্ডের মাটিতে কোনও দলের সর্বোচ্চ টেস্ট ইনিংসও এটি। এর আগে ২০১৯-এ বাংলাদেশের বিরুদ্ধে হ্যামিল্টনে ৭১৫/৬ রান তুলেছিল নিউজিল্যান্ড।

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটিই সর্বোচ্চ দলগত ইনিংসের রান। ১৯৯৫-এ এই ওয়েলিংটনেই ওয়েস্ট ইন্ডিজের করা ৫ উইকেটে ৬৬০ রান (ডিক্লেয়ার) করার নজির ভেঙে দিল ভারত। ভারতের হয়ে রাহুল ১৩৬, পন্থ ১২৮, জয়সওয়াল ৮৫, পাড়িক্কল ৮০, গিল ৯৮ এবং জুরেল ৭৮ রান করেন। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই উইকেট হারিয়ে ৩৩ ওভারে ৮৭ রান তুলেছে।

সব মিলিয়ে ওয়েলিংটনে ভারতীয় ব্যাটিংয়ের এই সম্মিলিত দাপট টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করল। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলগত পারফরম্যান্সেও যে ভাবে নজির গড়লেন ভারতীয় ব্যাটাররা, তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে যে তারা হারছে না, তা নিশ্চিত করে ফেলল।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=CpdesyXk8ANMaTAz” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>