নাটক, উত্তেজনা, পাল্টা আক্রমণ—এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান হকির সেমিফাইনাল শেষ মুহূর্ত পর্যন্ত নিঃশ্বাস আটকে রাখল। এক সময় ৩-০ এগিয়ে গিয়েছিল ভারত। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করে পাকিস্তান ম্যাচে ফিরল, সমতা আনল ৩-৩। মনে হচ্ছিল ম্যাচ গড়াবে পেনাল্টি শুটআউটে। কিন্তু শেষ বাঁশি বাজার ৪৯.২ সেকেন্ড আগে অভিষেকের গোলে ৪-৩ জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে উঠে গেল ভারত।
শুরু থেকেই ম্যাচে দাপট দেখায় ভারত। পরপর পেনাল্টি কর্নার আদায় করে পাকিস্তানের রক্ষণকে চাপে ফেলে দেন হরমনপ্রীত সিংরা। পঞ্চম মিনিটে সেই চাপের ফল মেলে। পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক হরমনপ্রীতের নিখুঁত ড্র্যাগ-ফ্লিকে এগিয়ে যায় ভারত। আট মিনিট পর আবার পেনাল্টি কর্নার। ফের হরমনপ্রীত। তাঁর দ্বিতীয় গোলে ১৩ মিনিটের মধ্যেই ভারত ২-০ এগিয়ে যায়।
দ্বিতীয় কোয়ার্টারেও ভারতের আক্রমণের ঝাঁঝ কমেনি। ২৩ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন সুখজিৎ সিং। মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে। কিন্তু বিরতির ঠিক আগে আবু মাহমুদের গোলে পাকিস্তান ব্যবধান কমিয়ে ১-৩ করে।
এর পরেই বদলে যায় ম্যাচের ছবি। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে হান্নান শাহিদের গোলে পাকিস্তান ২-৩ করে। ভারতীয় রক্ষণে তখন স্পষ্ট অস্বস্তি। চতুর্থ কোয়ার্টারের শুরুতেই সেই চাপ আরও বাড়ে। ওয়াহিদ আশরাফ রানার গোলে ৩-৩ সমতা ফেরায় পাকিস্তান। তিন গোলের লিড মুহূর্তে উধাও।
VIDEO | Indian hockey player Mandeep Singh, after India’s 4-3 win against Pakistan in the Asian Games semifinal, says, “I think both teams played very well. Whenever an India-Pakistan match happens, everyone knows what kind of match it is. I think this was one of the best matches… pic.twitter.com/k9qRhiW6pt
— Press Trust of India (@PTI_News) October 1, 2026
শেষ পাঁচ মিনিটে পাকিস্তান আরও চাপ তৈরি করে। দু’টি পেনাল্টি কর্নারও পায় তারা। ভারতীয় শিবিরে তখন উৎকণ্ঠা। গোলরক্ষক পরিবর্তনও করতে হয়—মোহিত শশীকুমারের জায়গায় নামেন সূরজ কারকেরা। ম্যাচ তখন যে কোনও দিকেই যেতে পারত।
তার পরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচ শেষ হওয়ার ৪৯.২ সেকেন্ড আগে গোলের কাছ থেকে বল জালে পাঠান অভিষেক। পাকিস্তানি ডিফেন্ডারের স্টিকে লেগে বলের দিক সামান্য বদলে গেলেও তাতে ভারতের উৎসব আটকানো যায়নি। ৪-৩ জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায়।
এই জয়ের সঙ্গে এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও মহিলা—দুই হকি দলই ফাইনালে উঠল। ১৯৯৮ সালের পর এই প্রথম একই এশিয়ান গেমসে দুই ভারতীয় হকি দলই সোনা জয়ের লড়াইয়ে পৌঁছল।
এ বার সোনার লড়াই। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে যে দল জিতবে, ফাইনালে তাদের মুখোমুখি হবে ভারত। ৩ অক্টোবর হবে সেই ফাইনাল। এশিয়ান গেমসের সোনা জিততে পারলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের সরাসরি যোগ্যতাও নিশ্চিত হবে।