বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

রাইজিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার ফাইনালে বাংলাদেশকে ৪৬ রানে হারাল তারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে ভারত। ওপেনার বৃন্দা দীনেশ ১৯ রান করেন। তবে, এই ম্যাচে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা চূড়ান্ত ব্যর্থ। শেষেরদিকে দলের হাল ধরেন তেজল হাসনবিস ও অধিনায়ক রাধা যাদব। তেজল ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। রাধা করেন ৩০ বলে ৩৬ রান। মূলত, এই দুই ক্রিকেটারের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৪ রান তোলে ভারত। ম্যাচে বল হাতে বেশ নজর করলেন বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুন। চার ওভার বল করে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি বাংলাদেশ। প্রথম উইকেট জুটিতে ৩৮ রান তোলে শামিমা সুলতানা ও সারমিন সুলতানা। তবে, এই দুই ব্যাটসম্যান আউট হতেই কার্যত ভেঙে পরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। একমাত্র সাদিয়া আখতার (১০) ও ফাহিমা (১৪) ছাড়া কেউ দুই অঙ্কের রানেও পৌঁছোতে পারেননি। ভারতের হয়ে বল হাতে বেশ নজর কাড়লেন প্রেমা রাওয়াত। চার ওভার বল করে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পাশাপাশি, দুটি করে উইকেট নেন সোনিয়া মেনধিয়া ও তনুজা কাঁওয়ার। অধিনায়ক রাধা, সাইমা ঠাকোর ও মিন্নু মণি ১ করে উইকেট নেন। ভারতীয় বোলারদের দাপটে ১৯.১ ওভারে ৮৮ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ।

এই প্রসঙ্গে বলা যায়, এবারের রাইজিং এশিয়া কাপে একমাত্র অপরাজিত দল ছিল বাংলাদেশ।
গ্রুপপর্বে তিন ম্যাচেই সহজ জয় পেয়েছিল তারা এমনকি, সেমিফাইনালেও পাকিস্তানকে দাপটের সঙ্গে হারিয়েছিল ফাহিমা খাতুনের দল। অন্যদিকে, প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহির কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল ভারত। যদিও শেষপর্যন্ত শুধু ছন্দে ফেরাই নয়, টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হলো তারা।