ওয়েলিংটনে ‘অচেনা’ পেসাররাই ভরসা ভারতের, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগোনোই লক্ষ্য

Gurnur Brar Photo-SNS

প্রথম ম্যাচে বৃষ্টিবিঘ্নিত লড়াইয়ে জয় দিয়ে শুরু। এ বার লক্ষ্য সিরিজে ব্যবধান বাড়ানো। শনিবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে নামছে ভারত। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় ভরসা নতুন পেস আক্রমণ। অকল্যান্ডে যাঁরা প্রত্যাশার চেয়েও ভাল বল করেছেন, ওয়েলিংটনেও তাঁদের কাছ থেকে একই রকম পারফরম্যান্স চাইছে দল।

পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখন ১-০ এগিয়ে। প্রথম ম্যাচে ১৮৫ রানে নিউজিল্যান্ডকে গুটিয়ে দেওয়ার পরে বৃষ্টির কারণে ভারতের লক্ষ্য কমে দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩। বিরাট কোহলির ৫১ বলে ৭৪ রানের ইনিংসে ভর করে ২২.৪ ওভারেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। এ বার সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য শুভমান গিলের দলের।

অকল্যান্ডে চমক, ওয়েলিংটনেও নজর পেসারদের দিকে


সিরিজ শুরুর আগে ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু অর্শদীপ সিং, অংশুল কম্বোজ এবং গুরনুর ব্রার প্রথম ম্যাচেই নিজেদের প্রমাণ করেছেন। অর্শদীপ চার উইকেট নিয়ে সবচেয়ে সফল হলেও, নজর কেড়েছেন কম্বোজ। ১০ ওভারে ৪৬টি ডট বল করে নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে রেখেছিলেন তিনি। ধারাবাহিক ভাবে টেস্ট ম্যাচের মতো লেংথে বল করে সাফল্য পেয়েছিলেন এই পেসার।

ওয়েলিংটনের মাঠের চরিত্র অবশ্য অকল্যান্ডের ইডেন পার্কের মতো নয়। সেখানে সোজা বাউন্ডারি ছোট ছিল, এখানে দুই পাশের বাউন্ডারি তুলনায় ছোট। তাই পেসারদের লেংথে বদল আনতে হতে পারে। অকল্যান্ডে শর্ট বল করে সাফল্য পেয়েছিলেন ভারতীয় বোলাররা, ওয়েলিংটনে একটু বেশি লেংথে বল করাই কার্যকরী হয়ে উঠতে পারে।

অর্শদীপের সঙ্গে নতুন বল হাতে কম্বোজকেও দেখা যেতে পারে। প্রথম ম্যাচে অর্শদীপের সঙ্গে নতুন বল নিয়েছিলেন অকিব নবি। চার পেসারের মধ্যে একমাত্র নবিই উইকেট পাননি। তাঁর জায়গায় মহম্মদ সিরাজ খেলবেন কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে ভারতীয় দল এখনও প্রথম একাদশ নিয়ে মুখ খোলেনি।

সিরাজের খেলা নিয়ে প্রশ্ন করা হলে ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ বলেন, ‘আমি জানি না। দলের ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে’।

 

রোহিতের প্রত্যাবর্তনের অপেক্ষা, কোহলির ছন্দে স্বস্তি

ব্যাটিংয়ে ভারতের সবচেয়ে বড় আশা রোহিত শর্মা। প্রথম ম্যাচে প্রথম ওভারেই আউট হয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ভাল ছন্দে থাকার পরে নিউজিল্যান্ড সফরে গিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছেন রোহিত। দ্বিতীয় ম্যাচে তাঁর ব্যাটে বড় রান দেখতে চাইবে ভারত।

অন্য দিকে, অকল্যান্ডে কোহলির সাবলীল ব্যাটিং স্বস্তি দিয়েছে দলকে। অতিরিক্ত বাউন্স সামলে অনায়াসে বাউন্ডারি মেরেছেন তিনি। তবে শর্ট বলের বিরুদ্ধে সমস্যায় পড়েছেন শ্রেয়স আইয়ার এবং অক্ষর পটেল। প্রথম ম্যাচে বাউন্সারে পরাস্ত হয়ে উইকেট হারিয়েছিলেন শ্রেয়স। সেই দুর্বলতা কাটিয়ে ওঠাই তাঁদের লক্ষ্য।

কনওয়ে নেই, চাপে নিউজিল্যান্ড

ভারতের পেসারদের বিরুদ্ধে প্রথম ম্যাচে সমস্যায় পড়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিং। বাড়তি বাউন্স সামলাতে পারেননি কিউয়ি ব্যাটাররা। অধিনায়ক মিচেল স্যান্টনারও ম্যাচের পরে তা মেনে নিয়েছিলেন।

তার উপর দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না ডেভন কনওয়ে। ফিল্ডিং অনুশীলনের সময় সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে ধাক্কা লেগে মাথায় চোট পান তিনি। কনওয়ের অনুপস্থিতি স্বাভাবিক ভাবেই চাপে রাখবে নিউজিল্যান্ডকে। তবে হেনরি চোট সারিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন।

কনওয়ের অনুপস্থিতি নিয়ে নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার বলেন, ‘ও আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুশীলনে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে। তবে ওর বদলে আমরা আর এক জন ভাল ক্রিকেটার কেলিকে দলে নিচ্ছি। এতে অন্যদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ তৈরি হবে, যেমনটা আমরা আগেও দেখেছি’।

শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ। সরাসরি সম্প্রচার সোনি লিভ অ্যাপে ও সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে।