ইউনিটি কাপ ফুটবলের জন্য প্রাথমিক দল ঘোষণা ভারতের

আসন্ন ইউনিটি কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ খালিদ জামিল। প্রত্যাশামতোই এবারের ঘোষিত দলেও সেইভাবে বাংলার ভুমিপুত্র জায়গা করে নিতে পারেননি। আগামী ২৬ থেকে ৩০ মে ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। ভারতের পাশাপাশি এবারের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে জামাইকা, নাইজেরিয়া এবং জিম্বাবোয়ে। ২১ মে আইএসএল শেষে ফুটবলারদের নিয়ে বেঙ্গালুরুতে একটি প্রস্তুতি শিবির করবেন কোচ খালিদ। সেখান থেকে ২৩ সদস্যের চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।

তারপর আগামী ২৪ মে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে ভারতীয় দল। ঘোষিত দলে একমাত্র বাঙালি ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন আক্রমণভাগের খেলোয়াড় রহিম আলি। মূলত, অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এবারের এই দল গড়েছেন কোচ। ফলে, দল নিয়ে যথেষ্ট আশাবাদী খালিদ। জানিয়েছেন, ইউনিটি কাপ তাঁদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মূলত এই টুর্নামেন্টকে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি।

একইসঙ্গে তিনি মনে করছেন, এই ম্যাচগুলো দলের ফুটবলারদের অনেক আত্মবিশ্বাস দেবে। এদিকে, ঘোষিত এই দলে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে জায়গা করে নিয়েছেন মোট ছ’জন ফুটবলার। অন্যদিকে, ইস্টবেঙ্গল থেকে এই দলে জায়গা পেয়েছেন তিনজন ফুটবলার। এই প্রসঙ্গে বলা যায়, দীর্ঘ ২৪ বছর পর ভারতীয় পুরুষ দল ফের আবার মার্কিন যুক্তরাজ্যে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে।


ভারতীয় দল
গোলরক্ষক : গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ, হৃত্বিক তিওয়ারি, আলবিনো গোমস
ডিফেন্ডার : রাহুল ভেকে, নিখিল পূজারী, রোশন সিং নাওরেম, অভিষেক সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিংঘান, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, প্রমবীর
মিডফিল্ডার : আশিক কুরুনিয়ান, লালেংমাওয়াইয়া রালতে, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, জিকসন সিং, নৌফল পিএন, রিকি সাবং
ফরোয়ার্ড : রায়ান উইলিয়ামস, মনবীর সিং, লিস্টন কোলাসো, সুহেল আহমেদ ভাট, এডমুন্ড লালরিন্ডিকা, লালিয়ানজুয়ালা চাংতে, রহিম আলি, ফারুখ চৌধুরী