কাবাডিতে জোড়া সোনার হাতছানি, এশিয়ান গেমসের ফাইনালে ভারতের দুই দলই

Photo: Representational Image

এশিয়ান গেমস (Asian Games)  কাবাডিতে (Kabaddi)  ফের সোনার সম্ভাবনা। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই ফাইনালে উঠে গেল ভারত। শুক্রবার সেমিফাইনালে প্রথমে নেপালকে ৪৮-২৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছয় ভারতীয় মহিলা দল। তার পরে থাইল্যান্ডকে ৬৬-২৮ ব্যবধানে উড়িয়ে দিয়ে সোনার লড়াইয়ের টিকিট নিশ্চিত করে পুরুষ দলও।

মহিলাদের ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ভারত। প্রথমার্ধেই ৩১-১৭ ব্যবধানে এগিয়ে যায় তারা। চারটি অল-আউট এবং চারটি বোনাস পয়েন্ট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ কার্যত নিজেদের হাতে নিয়ে নিয়ে নেয় ভারতীয় দল। বিরতির পরে নেপাল মাত্র সাত পয়েন্ট পায়। শেষ পর্যন্ত ২৪ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় ভারত।

আরও পড়ুন: ব্যর্থতার পরেই বাজিমাত, মিক্সড ১০ মিটার এয়ার পিস্তলে সোনা কমলজিত-সুরুচির, রুপো অ্যাথলেটিক্সে, আরো পদক নিশ্চিত


এই জয়ের সঙ্গে আরও একটি বড় নজিরের সামনে ভারতীয় মহিলা দল। ২০১০-এ এশিয়ান গেমসে (Asian Games) মহিলা কাবাডি (Kabaddi) অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে প্রতিটি গেমসে সোনা জিতেছে ভারত। এ বার টানা চতুর্থ সোনার লক্ষ্যে নামবে তারা। গ্রুপ পর্বেও অপরাজিত ছিল ভারত। ইরান, বাংলাদেশ ও জাপানকে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা।

পুরুষদের সেমিফাইনালেও ছবিটা ছিল একই। থাইল্যান্ডকে শুরু থেকেই চাপে রাখে ভারত। প্রথমার্ধ শেষ হওয়ার সময় স্কোর ছিল ৩৭-১৮। দ্বিতীয়ার্ধেও ভারতীয় রেইডার ও ডিফেন্ডারদের সামনে দাঁড়াতে পারেনি থাইল্যান্ড। শেষ পর্যন্ত ৬৬-২৮ ব্যবধানে জয় পেয়ে ফাইনালে চলে যায় ভারত।

আরও পড়ুন: ভারতে আসার আগে জাপানের কাছে হার উরুগুয়ের, শেষ ১০ মিনিটে জোড়া ধাক্কা

ভারতের দাপটের অন্যতম প্রমাণ বোনাস পয়েন্টেও। পুরো ম্যাচে ভারত পেয়েছে ১৫টি বোনাস পয়েন্ট, সেখানে থাইল্যান্ডের ঝুলিতে মাত্র পাঁচ। ফলে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে ফারাকটা স্পষ্ট ছিল।

পুরুষদের কাবাডি (Kabaddi)  এশিয়ান গেমসে (Asian Games) রয়েছে ১৯৯০ থেকে। এখনও পর্যন্ত ভারত জিতেছে আটটি সোনা। ২০১৮ সালে জাকার্তায় সেই ধারাবাহিকতা ভেঙে যায়—সে বার ব্রোঞ্জেই থামতে হয়েছিল ভারতকে, সোনা জিতেছিল ইরান। এ বার অবশ্য আবার সোনার লড়াইয়ে ফিরেছে ভারত।

দুই ভারতীয় দলই এখন ফাইনালে সোনার লক্ষ্যে নামবে। প্রতিপক্ষ হবে ইরান-চিন তাইপেই ম্যাচের বিজয়ী। অর্থাৎ এশিয়ান গেমসে কাবাডির মঞ্চে আবারও ভারতের জোড়া সোনার সম্ভাবনা তৈরি হল।

দেখুন: ‘৪৮ ঘণ্টার মধ্যে ইস্তফা না দিলে দেশজুড়ে প্রতিবাদ’, জ্ঞানেশকে হুঁশিয়ারি সিজেপির