রানের পাহাড়ে ভারত, দ্বিতীয় দিনেই টেস্ট জয়ের ইঙ্গিত

টেস্টে খেলার মতো অবস্থায় যে তারা এখনও পুরোপুরি আসেনি, ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের কাণ্ডকারখানা দেখে সে রকমই মনে হচ্ছে। বিশেষ করে রিভিউ নেওয়ার ক্ষেত্রে একাধিক ভুল করে আফগানরা। শনিবার নিশ্চিত আউট ছিলেন কে এল রাহুল। কিন্তু সেই সময়ে রিভিউ নেননি আফগান অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি। রবিবারও এলবিডব্লিউ ছিলেন শুভমান গিল। তবে আম্পায়ার আউট দেননি। রিভিউ নিলে হয়তো লাভবান হতেন আফগানরা। কিন্তু এ বারও রিভিউ নেননি তারা। পরে রিপ্লে-তে দেখা যায় শুভমান আউট ছিলেন।

রীতিমতো হিমশিম খাচ্ছে ভারতের এই পড়শি দেশের ক্রিকেটারর। এবং বিপক্ষের এই বেহাল দশাকে কাজে লাগিয়ে রানের পাহাড় গড়ে ফেলে ভারত। শনিবার কেএল রাহুলের সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। রবিবার তিনি ১২৬ রান করে উইকেট কিপার আফসার জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। শেষ পর্যন্ত আট উইকেটে ৫৬৪ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত।

যে বলে রিভিউ নিলে শুভমানকে প্যাভিলিয়নে ফেরাতে পারতেন মহম্মদ সালিমরা, তার পরের বলই ঋষভ পন্থের ব্যাটের কাণায় আলতো ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে বল। সেই বলেও রিভিউ নেয়নি আফগানিস্তান। নিলে হয়তো পন্থও আগেই ফিরে যেতেন। এই সুযোগ কাজে লাগিয়ে পন্থ ৮১ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন। যাতে ছিল ছ’টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি। সহ-অধিনায়কের দায়িত্ব হাতছাড়া হওয়াটা বোধহয় তাঁর পক্ষে শাপে বর হয়েছে। তবে ধৈর্য্য না হারালে হয়তো এদিন সেঞ্চুরিটাও পেয়ে যেতেন পন্থ। ছয় হাঁকাতে গিয়ে লং অফে আজমাতুল্লা ওমারাজাইয়ের হাতে ধরা পড়ে যান।


হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকলেন ওয়াশিংটন সুন্দর। প্রথম টেস্ট খেলতে নামা মানব সুতারও দু’টি করে ছয় ও চার হাঁকিয়ে ২৮ রান তুলে নেন। সদ্য আইপিএল খেলে আসা মহম্মদ সিরাজের ব্যাট থেকে এল ১২ বলে ২২ রান। শেষ পর্যন্ত ৫৬৪ রান তুলে চায়ের বিরতির আগেই ইনিংস ঘোষণা করে দেয় ভারত। আফগান শিবিরের একঝাঁক ভুলের মধ্যেও উজ্জ্বল মহম্মদ সালিম। ২৭ ওভার বল করে তিনি তুলে নেন আধ ডজন উইকেট। যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে গিল, পন্থ, সাই সুদর্শন-সকলেই সালিমের শিকার।

পাল্টা ব্যাট করতে নেমে বাঁহাতি তরুণ স্পিনার মানব সুথারের কৌশলী বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পন করেন আফগান ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে তাদের স্কোর ১১৩। প্রথম টেস্ট খেলতে নামা সুথার শুরুতেই ওপেনার আব্দুল মালিককে (১৬) এবং পরে রহমনুল্লাহ গুরবাজ (১২) ও আফসার জাজাইকে (৩) ফিরিয়ে দেন। বাকি দুটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। ৪৩ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন রহমত শাহ। জাজাই আউট হতেই দিনের খেলা শেষ হয়ে যায়।