সারা ভারত ফুটবল ফেডারেশনের সভাপতি ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কল্যাণ চৌবের উদ্যোগে বৃহস্পতিবার কলকাতা ময়দানে আশুতোষ কলেজ তাঁবুতে খেল ইন্ডিয়ার ট্রাইবাল গেমসে চ্যাম্পিয়ন হওয়া বাংলার ফুটবল দলকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল। চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা দিয়ে খেলোয়াড়দের অনুপ্রাণিত করা হয়। এ বাদেও সংবর্ধিত করা হয় এভারেস্ট জয়ী বিশিষ্ট পর্বতারোহী দেবদাস নন্দী ও দেবাশিস বিশ্বাসকে। সঙ্গে কৃতী সাঁতারু সায়নি দাসকেও সংবর্ধনা দেওয়া হয়।
এদিনের এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যাণ (উন্নয়ন) মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, এই রাজ্যে আদিবাসী ছেলেমেয়েরা যেভাবে বাংলাকে গর্বিত করছে, তা অবশ্যই প্রশংসার। সেইসব ছেলেমেয়েরা কষ্টের মধ্যে দিয়ে মাঠে উঠে আসে, তা ভাবা যায় না। একেবারে দুঃস্থ পরিবার থেকে উঠে আসা এই গর্বের ছেলেমেয়েদের জন্য আমরাও গর্ব অনুভব করি। উপস্থিত ছিলেন মন্ত্রী অশোক দিন্দাও। মন্ত্রী অশোক দিন্দা বলেন, বাংলার খেলাধুলোকে আরও বেশি উন্নয়নের পথে নিয়ে যেতে গেলে একটা সঠিক পরিকল্পনা ও পরিকাঠামো তৈরি করতে হবে।
উপস্থিত হয়েছিলেন মন্ত্রী তাপস রায়ও। এ বাদে বিশিষ্টজনদের মধ্যে হাজির হয়েছিলেন প্রাক্তন খেলোয়াড় প্রশান্ত ব্যানার্জি, মানস ভট্টাচার্য, অলোক মুখার্জি, সোমা বিশ্বাস, সুরভী মিত্র, শান্তি মল্লিক, রঞ্জন ভট্টাচার্য, সঞ্জয় সেন সহ বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়েছিল। প্রত্যেকেই অভিমত প্রকাশ করে বলেছেন, কলকাতা ময়দানে খেলাধুলোয় স্বচ্ছতা আনতে হবে। এই অনুষ্ঠানটি সফল করার জন্য ময়দান সাথী সংগঠনের বিশেষ ভূমিকা ছিল। এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে জয়দীপ মুখার্জি, সৌরভ পাল, রবীন ঘোষ ও নজরুল ইসলাম বলেন, কলকাতা ময়দানে এক নতুন দিগন্ত আনার পক্ষে আমরা চেষ্টা করছি।