আজ ইডেনে হেরে গেলেই প্লেঅফের স্বপ্ন শেষ কলকাতার

প্রতিনিধিত্বমূলক চিত্র

চলতি আইপিএলে এখন কার্যত বাঁচা-মরার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স। লিগ তালিকায় অষ্টম স্থানে থাকা কেকেআর আজ ইডেন উদ্যানে মুখোমুখি হবে শক্তিশালী গুজরাত টাইটান্সের। শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাত এই মুহূর্তে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে কাগজে-কলমে এই ম্যাচে অনেকটাই এগিয়ে গুজরাতই।

গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর কেকেআর শিবিরে আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে। ড্রেসিংরুমের পরিবেশও খুব একটা ইতিবাচক নয় বলেই খবর। তারই প্রভাব দেখা যাচ্ছে দর্শকদের আগ্রহেও। ইডেনের মতো মাঠেও টিকিটের চাহিদা এ বার অনেকটাই কম।

এখনও পর্যন্ত ১১ ম্যাচে কলকাতার সংগ্রহ মাত্র ৯ পয়েন্ট। আজ গুজরাতকে হারাতে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১১। অন্যদিকে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অনেকটাই নিশ্চিন্ত অবস্থানে গুজরাত। ফলে আত্মবিশ্বাস নিয়েই তারা মাঠে নামবে।


গুজরাতের ব্যাটিং ও বোলিং— দুই বিভাগই যথেষ্ট শক্তিশালী। অধিনায়ক শুভমন গিল দুরন্ত ছন্দে রয়েছেন। তাঁর বিরুদ্ধে কেকেআরের বোলাররা কী পরিকল্পনা নেয়, সেটাই বড় প্রশ্ন। পাশাপাশি রয়েছেন মহম্মদ সিরাজ, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, সাই সুদর্শন এবং প্রসিদ্ধ কৃষ্ণের মতো ম্যাচজয়ী ক্রিকেটাররা।

অন্যদিকে কেকেআর এ বারের নিলামে শক্তিশালী দল গড়লেও মাঠে সেই ছাপ রাখতে পারেনি। চোট-আঘাত এবং ধারাবাহিক ব্যর্থতায় সমস্যায় পড়েছে দল। বরুণ চক্রবর্তী চোটের কারণে আগের ম্যাচ খেলতে পারেননি। আজ তিনি খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। অধিনায়ক অজিঙ্কা রাহানের ব্যাটও সেভাবে কথা বলছে না।

তবে কিছুটা স্বস্তি দিচ্ছেন রিঙ্কু সিং। মরসুমের শুরুতে ব্যর্থ হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছেন তিনি। ইডেন তাঁর পছন্দের মাঠ। ফলে আজ তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন সমর্থকেরা। রামনদীপ সিংও ভালো ছন্দে রয়েছেন। যদিও সুনীল নারাইন আগের সেই ভয়ঙ্কর ছন্দে নেই। অঙ্গকৃশ রঘুবংশী কখনও ঝলক দেখালেও ধারাবাহিকতা নেই। অনুকূল রায়ও প্রত্যাশা পূরণ করতে পারেননি।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আরও বড় ধাক্কা খেয়েছে কেকেআর। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রাচিন রবীন্দ্র দল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন। আইপিএলের মিনি নিলামে ২ কোটি টাকার বেস প্রাইসে তাঁকে দলে নেয় কেকেআর। কিন্তু পুরো মরসুমে তাঁকে একটিও ম্যাচে খেলানো হয়নি। ফিন অ্যালেন ও টিম সেইফার্ট সুযোগ পেলেও উপেক্ষিতই থেকেছেন রাচিন।

আগামী ২৭ থেকে ৩০ মে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলবে নিউজিল্যান্ড। এরপর জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ় রয়েছে। সেই সিরিজ়গুলির জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন রাচিন। তাই তিনি আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন। তবে ক্রিকেটমহলের একাংশের মতে, সুযোগ না পাওয়ার হতাশাও তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে কেকেআরের কাছে প্রতিটি ম্যাচই কার্যত ফাইনাল। আজ গুজরাতের বিরুদ্ধে ইডেনে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে গোটা ক্রিকেটমহল।