মহিলা ক্রিকেটারদের মাতৃত্বের পর ক্রিকেটজীবন যাতে ব্যাহত না হয়, সেই লক্ষ্যে নতুন নির্দেশিকা চালু করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। নতুন নিয়মে মা হওয়ার পর মাঠে ফিরতে সংশ্লিষ্ট মহিলা ক্রিকেটারের জন্য ১৬ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে ক্রিকেটারদের শারীরিক সুস্থতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি ফের অনুশীলন শুরু করা এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির মতো বিষয়গুলোর উপর নজর রাখা হবে।
এক্ষেত্রে, প্রতিটি ক্রিকেটারের জন্য একজন চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হবে বলে জানিয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শা। সেই চিকিৎসক সংশ্লিষ্ট খেলোয়াড়ের শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে নিয়মিত রিপোর্ট দেবেন। একইসঙ্গে, খেলোয়াড়ের মানসিক স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর রাখা হবে। মাঠে ফেরার আগে খেলোয়াড়ের পেশির সক্ষমতা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই মাঠে নামার অনুমতি পাবেন সংশ্লিষ্ট ক্রিকেটার।
বিষয়টি নিয়ে আইসিসির মেডিক্যাল পরামর্শদাতা কমিটির প্রধান অস্ট্রেলিয়ান চিকিৎসক ফিলিপ ইঙ্গে জানিয়েছেন, সদস্য দেশগুলির মাতৃত্ব বিষয়ক আইন মেনেই এই কর্মসূচি পরিচালিত হবে। অন্যদিকে আইসিসি চেয়ারম্যান জয় শা জানিয়েছেন, মাতৃত্ব ও পেশার মধ্যে যেন কোনও একটি আর ক্রিকেটারকে বেছে নিতে না হয়, সেজন্যই আইসিসি এই পদক্ষেপ করেছে। এই প্রসঙ্গে বলা যায়, অতীতে একাধিক মহিলা ক্রিকেটার মাতৃত্বের পর সফলভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ক্রিকেটার ড্যানি ওয়াট তার অন্যতম উদাহরণ। মা হওয়ার তেইশ দিনের মাথায় শুধু বিশ্বকাপে ম্যাচ খেলতে নামাই নয়, ব্যাট হাতে শতরানও করেছেন ওয়াট।