আটকে থাকা ক্রিকেটারদের দেশে ফেরাতে বিমানের ব্যবস্থা আইসিসির

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইরান-ইজরায়েল যুদ্ধের ফলে ভারতে বিশ্বকাপ খেলতে এসেও দেশে ফেরা হয়নি ইংল্যান্ড দলের। একই অবস্থা দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজেরও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে একাধিক বিমান বাতিল হওয়ায় এই তিন দেশের ক্রিকেটারদের ফেরা নিয়ে সংশয় তৈরী হয়েছিল। অবশেষে বিষয়টি নিয়ে উদ্যোগ নিল আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ামক সংস্থার পক্ষ থেকে বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ এই বিমানে শনিবারই মুম্বই থেকে রওনা দেবে ইংল্যান্ড। সেখান থেকে সরাসরি লন্ডন যাবে তারা। অন্যদিকে, বাকি দুই দল অর্থাৎ দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ কলকাতা থেকে নিজেদের দেশের উদ্দেশ্যে রওনা দেবে।

আসলে, এই দুই দলই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছিল কলকাতার ইডেন উদ্যানে। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য এতদিন ভারতেই আটকে ছিল তারা। প্রায় ছ’দিন এখানেই রয়েছে এই দুই দল। বিষয়টি নিয়ে বিশেষ ক্ষোভ প্রকাশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তিনি অনুরোধ জানিয়েছিলেন, বিশেষ চার্টার্ড বিমানে তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে।


এরপরেই, বিষয়টি নিয়ে উদ্যোগ নেয় আইসিসি। সেইমতো, এই তিন দলের জন্য বিশেষ বিমানে ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, আজ এই বিমানেই কলকাতা থেকে জোহানেসবার্গ হয়ে অ্যান্টিগায় ফিরবে ওয়েস্ট ইন্ডিজ। একই বিমানে দেশে ফিরবে দক্ষিণ আফ্রিকা দলও।