বিশ্বকাপের আনন্দের মাঝখানেই ভারতীয় ফুটবলে ভেসে এল এক দুঃসংবাদ। আট বছর ভারতীয় ফুটবলে সফল অভিযানের পর এ বার অন্য দেশে পাড়ি জমাচ্ছেন তারকা অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমৌস। ওডিশা এফসির সঙ্গে পারস্পরিক সম্মতিতে তাঁর চুক্তি বাতিল করেছেন বুমৌস এবং মালয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব সেলাঙ্গর এফসির সঙ্গে দু’বছরের নতুন চুক্তিতে সই করেছেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে ওডিশা এফসি থেকে লিয়েনে সেলাঙ্গরে যোগ দিয়েছিলেন বুমৌস। সেখানে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার স্থায়ীভাবেই মালয়েশিয়ার ক্লাবে যোগ দিলেন ৩০ বছর বয়সী এই মরোক্কান ফুটবলার।
২০১৮-য় এফসি গোয়ায় যোগ দেন তিনি। ২০২০-তে সেখান থেকে মুম্বই এফসি-তে যান। পরের বছরই, মোহনবাগান এসজি-তে সই করেন এবং সেখানেই তিন বছর কাটিয়ে দেন। ২০২৪-এ ওডিশা এফসি-তে যোগ দেওয়ার পর এ বছর জানুয়ারিতে সালেঙ্গার এফসি-তে লিয়েনে ছাড়া হয় তাঁকে। জুনে ওডিশায় ফিরে আসার পর পারস্পরিক সমঝোতা করে ফের দু’বছরের জন্য সালেঙ্গারে রওন হচ্ছেন তিনি।
আইেসএলে ১১০টি ম্যাচ খেলে ৩৪টি গোল করেছেন ও ৪২টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। ফর্মে থাকা বুমৌসের পায়ে বল পড়লে সমর্থকেরা বেশিরভাগ সময়ে আনন্দই পেয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্টের হয়েই সবচেয়ে বেশি ম্যাচ খেলেন তিনি। ৭০টি ম্যাচে ১৪টি গোল করেছেন ও ১৯টি করিয়েছেন।
বিদায় বেলায় বুমৌস তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফুটবলপ্রেমীদের উদ্দেশে লিখেছেন, ধন্যবাদ, ভারত আটটি অবিস্মরণীয় বছর কাটানোর পর আমার কেরিয়ারের এই অসাধারণ অধ্যায়ের ইতি টানার সময় এসে গেছে। প্রথম যখন ভারতে এসেছিলাম, তখন কল্পনাও করতে পারিনি এই দেশ আমার জীবনকে এতটা বদলে দেবে। ভারত আমাকে দু’হাত ভরে আপন করে নিয়েছে, অসংখ্য অবিস্মরণীয় স্মৃতি উপহার দিয়েছে, আজীবনের বন্ধুত্ব দিয়েছে এবং প্রথম দিন থেকেই আমাকে নিজের ঘরের মানুষের মতো অনুভব করিয়েছে।
এফসি গোয়া, মুম্বই সিটি এফসি , মোহনবাগান এসজি এবং ওডিশা এফসি— তোমাদের প্রত্যেককে ধন্যবাদ, আমার ওপর আস্থা রাখার জন্য। প্রতিটি ক্লাব আমাকে ভিন্নভাবে গড়ে তুলেছে, নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে, আরও পরিণত হতে সাহায্য করেছে এবং এমন সব স্মৃতি উপহার দিয়েছে, যা আমার সারা জীবন মনে থাকবে।
প্রতিটি ক্লাবে আমার কোচ, সতীর্থ, সাপোর্ট স্টাফ, ক্লাব মালিক, স্বেচ্ছাসেবক এবং পর্দার আড়ালে নিরলস পরিশ্রম করে যাওয়া প্রত্যেক মানুষকে আন্তরিক ধন্যবাদ।
আর সবচেয়ে বড় ধন্যবাদ জানাতে চাই সমর্থকদের… আমাকে আপনাদেরই একজন মনে করানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই ভারত আমার হৃদয়ে চিরকাল এক বিশেষ জায়গা দখল করে থাকবে। অবশ্যই এখনও অনেকটা পথ বাকি। কেউই দাবি করে না যে সবকিছু নিখুঁত। একটি শক্তিশালী ফুটবল-জাতি গড়ে তোলা এমন কোনও কাজ নয়, যা রাতারাতি সম্ভব। ফেডারেশন, ক্লাব, কোচ এবং এই সুন্দর খেলাটিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিদিন যাঁরা নিরলস পরিশ্রম করছেন, তাঁদের উদ্দেশে আমার একটাই বার্তা— বিশ্বাস ধরে রাখুন। বিনিয়োগ চালিয়ে যান। তরুণ ফুটবলারদের আরও উন্নত করে তুলুন। আরও বড় স্বপ্ন দেখুন। উন্নতির জন্য সময় লাগে।
ভারত আমাকে গত আট বছরে এত কিছু দিয়েছে যে, কখনও কখনও মনে হয় ফুটবলের মাধ্যমে আমি যদি এই দেশকে আরও বেশি কিছু ফিরিয়ে দিতে পারতাম! হয়তো একদিন, অন্য কোনও ভূমিকায়, সেই সুযোগ আমার সামনে আসবে। আমার হৃদয়ের একটি অংশ চিরকাল ভারতেরই হয়ে থাকবে। এই আটটি অবিস্মরণীয় বছরের জন্য ধন্যবাদ। ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতাসহ। হুগো বুমৌস।