শনিবারের মহাম্যাচে নীল-বাহিনীর মূলমন্ত্র কী? কী ভাবে ভিনিশিয়াসদের আটকানোর ছক কষেছে ভারত? জানিয়ে দিলেন খালিদ

Khalid Jamil Photo-SNS

বিশ্বের পাঁচ নম্বর সেরা দল ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ। এমন এক ম্যাচে মাঠে নেমে যদি ভারত হারেও, তা হলে সমালোচনার তিরে যে ছিন্নভিন্ন হবেন না তিন ও তাঁর দলের খেলোয়াড়েরা, তা খুব ভাল করেই জানেন ভারতের কোচ খালিদ জামিল। তাই শনিবার ঐতিহাসিক ম্যাচে দলের ছেলেদের বলে দিলেন, ‘সিম্পল খেলো, নিজের স্বাভাবিক খেলাটা খেলো। বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও’।

বাইপাসের ধারে যে পাঁচতারা হোটেলে ব্রাজিল দল উঠেছে, সেই হোটেলেই আয়োজন করা হয়েছিল দুই দলের কোচ ও খেলোয়াড়দের সাংবাদিক বৈঠক। সেই বৈঠকেই খালিদ জামিল ‘দৈনিক স্টেটসম্যান ডিজিটাল’-এর প্রশ্নের উত্তরে বলেন, ‘হ্যাঁ, এটা তো ঠিকই যে আমরা একটা ভালো দলের বিরুদ্ধে খেলছি, বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলছি। তবে আমাদের দায়িত্ব নিতে হবে এবং সেরা পারফরম্যান্স দিতে হবে’।

এই প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘খেলার ফল তো আর আমাদের হাতে নেই। যেটা আছে সেটা আমাদের পারফরম্যান্স। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, তা হলে যে কোনো ফল হতে পারে’। তাঁরা যে পানামার বিরুদ্ধে ড্র করে প্রচুর আত্মবিশ্বাস জোগাড় করে কলকাতায় এসেছে, তা খালিদের কথাবার্তা শুনেই আন্দাজ করা যায়।


এ দিন সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে তাদের অনুশীলনেও দেখা গেল সেই আত্মবিশ্বাসের ছাপ। অভিজ্ঞ গোলকিপার গুরপ্রীত সিং, একটু আগে সাংবাদিক বৈঠকে এসে যাঁর প্রশংসা করে গিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তি, তিনি গোলে দাঁড়িয়ে থাকলেও তাঁর সতীর্থরা বারবার তাঁকে পরাস্ত করে ‘অন দ্য রান’ গোল করে যান।

না, কোনো সেট পিস মুভ বা কোনো পেনাল্টি শুট আউট থেকে নয়। খেলা চলাকালীন যেমন হয়, তেমনই পরিস্থিতি তৈরি করে খুব তীব্রতার সঙ্গে অনুশীলন করছিলেন ভারতীয়রা। আর তাতেই একের পর এক গোল করে যাচ্ছিলেন, রায়ান উইলিয়ামস, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং, সাহাল, এডমন্ডরা।

 

কিন্তু সে তো অনুশীলনে, শনিবার যখন ব্রাজিলের বিশ্বকাপাররা উল্টোদিকে থাকবেন, যখন তাঁরা এসে বারবার বাধা দেওয়ার চেষ্টা করবেন বা পা থেকে, তখন এই গোলগুলো দেখা যাবে তো? ভারতীয় দলের কোচ বলেন, ‘চাপ তো থাকবেই। এত বড় দলের বিরুদ্ধে খেলছি, চাপ থাকবে না? কিন্তু সেই চাপ সামলে নিজেদের সেরাটা দিতে হবে। এটাই তো পরীক্ষা। পানামার বিরুদ্ধে যে ম্যাচে আমরা ভালো খেলেছি, সেই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। সেগুলোই তো এ বার কাজে লাগানোর পালা। সোজা কথাটা হল আমাদের সেরা পারফরম্যান্স দেখাতে হবে। বাকিটা আমাদের হাতে নয়’।

আনোয়ার আলির গলাতেও একই সুর। পানামার বিরুদ্ধে দুর্দান্ত দূর্গরক্ষা করেছিলেন আনোয়ার। শনিবারও করবেন তো? বলেন, ‘চেষ্টা তো করবই। তবে পানামা আর ব্রাজিলের কৌশল, পারফরম্যান্স তো আর একরকম হবে না। কোচ যে কৌশলে খেলতে বলবেন, সেই কৌশেলেই খেলার চেষ্টা করব আমরা। আগের ম্যাচের চেয়ে আলাদা এই ম্যাচ। ফলে আমাদের খেলাও আলাদা হবে’।

যার ব্যাখ্যা করে দিলেন খালিদ। বললেন, ‘পরিস্থিতি যদি আমাদের ডিফেন্সিভ খেলতে বলে, তা হলে আমরা তা-ই খেলব। যদি আক্রমণাত্মক খেলতে বলে, তা হলে আমরা আক্রমণেই উঠব। এখন থেকে কী করে বলি, ম্যাচে কী পরিস্থিতিতে পড়ব? তবে পরিস্থিতিতেই পড়ি না কেন, তার জন্য কৌশল তৈরি থাকবে’।

খালিদ বরাবরই অল্প কথা ও সোজা কথা সোজা করে বলার পক্ষপাতী। এ দিনও সাংবাদিক বৈঠকে আগাগোড়া তা-ই করলেন। তবে ঠারেঠোরে যা বুঝিয়ে দিলেন, তা হল, ব্রাজিল বলে তাঁরা এমনি এমনি ছেড়ে দেবেন না। নিজেদের সেরাটা দিয়ে শেষ দেখে ছাড়বেন। তার পর যা হওয়ার হবে।