বিশ্বকাপ শুরুর আগেই শোকের ছায়া ব্রাজিল শিবিরে, হঠাৎ এল দুঃসংবাদ

চলতি বিশ্বকাপে ছ’নম্বর খেতাবের খোঁজে নামার ঠিক আগে বড়সড় এর দুঃসংবাদ এসে পড় ব্রাজিল শিবিরে। শোকের আবহের মধ্যেই বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে কার্লো আনসেলোত্তির ব্রাজিল।

গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দলের প্রস্তুতিতে ধাক্কা দিয়েছে একাধিক চোট-সমস্যা। নেইমার, রদ্রিগো, ওয়েসলি ও এস্তেভাও-সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। ফলে বিশ্বকাপ শুরুর আগেই চাপের মুখে পড়েছেন আনসেলোত্তি।

কিন্তু কোন দুঃসংবাদে শোকের ছায়া নেমে এল ব্রাজিল শিবিরে? ১৯৭০-এর বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য ও কিংবদন্তি ডিফেন্ডার ব্রিটো (এরকুলেস দে ব্রিটো রুয়াস) ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন।


বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।ব্রিটোর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তাঁর প্রয়াণে গোটা ব্রাজিলিয়ান ফুটবল মহল শোকস্তব্ধ।

ব্রাজিলের হয়ে ১৯৬৪ থেকে ১৯৭২ সালের মধ্যে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। ১৯৬৬ এবং ১৯৭০—দুটি বিশ্বকাপেই দেশের প্রতিনিধিত্ব করেন। বিশেষ করে মেক্সিকোয় অনুষ্ঠিত ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের অবিস্মরণীয় বিশ্বজয়ী দলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি।

সিবিএফ সভাপতি সামির সাউদ এক বিবৃতিতে বলেন, “ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ব্রিটো আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০-এর বিশ্বকাপ জয়ে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”

বিশ্বকাপ জয়ের পাশাপাশি ব্রাজিলের হয়ে ১৯৭১ সালের কোপা রোকা এবং ১৯৭২-এর টাসা ইনদেপেনদেনসিয়াও জিতেছিলেন ব্রিটো। দেশের ফুটবল ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।২৪ বছর ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা ব্রাজিল এবার উত্তর আমেরিকার মাটিতে নতুন ইতিহাস গড়তে চায়।

কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ব্রিটোর প্রয়াণ সেই অভিযানে এক আবেগঘন অধ্যায় যোগ করল। দেশের ফুটবলপ্রেমীরা আশা করছেন, ১৯৭০-এর এই কিংবদন্তি তারকার আত্মাকে সম্মান জানিয়ে মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরোরা।