ডার্বির আগে এডমন্ডকে হারাল ইস্টবেঙ্গল, রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিতর্কে হাবাস

Image: X

রেফারিদের সঙ্গে বিতর্ক, মাঠের বাইরে শৃঙ্খলাজনিত সমস্যা এবং চোটের ধাক্কা—সব মিলিয়ে ইস্টবেঙ্গলের শিবিরে অস্বস্তির শেষ নেই। এর মধ্যেই বড় দুঃসংবাদ, দীর্ঘ সময়ের জন্য এডমন্ড লালরিন্ডিকাকে ছাড়াই খেলতে হবে। প্রায় ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই নির্ভরযোগ্য ফুটবলারকে।

ঘরের মাঠে ফিরেও জয়ের মুখ দেখতে পায়নি ইস্টবেঙ্গল। চেন্নাইন এফসি-র কাছে হারের পর এসসি দিল্লির বিরুদ্ধেও আটকে গিয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের দল। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শেষ হয় ২-২-এ। দু’বার পিছিয়ে পড়েও এডমন্ড লালরিনডিকা এবং আকে লোবার গোলে সমতা ফেরায় লাল-হলুদ বাহিনী। কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়া হয়নি। তার থেকেও বড় ধাক্কা, চোটের কারণে অন্তত ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এডমন্ড। ম্যাচ শেষে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিতর্কেও জড়ালেন হাবাস।

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ স্প্যানিশ কোচ


ম্যাচের শেষ বাঁশি বাজার পরেই মেজাজ হারান ইস্টবেঙ্গল কোচ। অভিযোগ, মাঠের মধ্যেই বোতল ছুড়ে মারেন তিনি। এর পর রেফারিদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হাবাস। পরিস্থিতি সামাল দিতে দলের ম্যানেজার দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

সাংবাদিক বৈঠকেও নিজের ক্ষোভ গোপন করেননি স্প্যানিশ কোচ। তাঁর অভিযোগ, ইস্টবেঙ্গলকে একটি পরিষ্কার পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। হাবাস বলেন, ‘আমাদের পেনাল্টি পাওয়া উচিত ছিল। রামিরেজকে ফাউল করা হয়েছিল। অথচ বিপক্ষের কোনও ফুটবলারকে হলুদ কার্ডও দেখানো হল না। আমরা পুরো ম্যাচে লড়াই করেছি। কিন্তু রেফারির সিদ্ধান্তে ম্যাচের হিসেবটাই বদলে গেল। মাঠে কী ঘটছে, রেফারি যেন সেটাই দেখছেন না। এমন সিদ্ধান্ত সত্যিই হাস্যকর’।

১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে এডমুন্ড

দিল্লির বিরুদ্ধে ম্যাচে গোল করলেও শেষ পর্যন্ত চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এডমন্ডকে। প্রতিপক্ষের বক্সে পড়ে গিয়ে তাঁর কব্জিতে গুরুতর চোট লাগে। পরীক্ষা করে দেখা যায়, কব্জির হাড় ভেঙেছে। অস্ত্রোপচার করাতে হবে এই ফুটবলারকে। হাবাস জানিয়েছেন, অন্তত ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। অর্থাৎ ফেব্রুয়ারির আগে এডমন্ডের মাঠে ফেরার সম্ভাবনা কম। প্রথম ডার্বি তো বটেই, ফিরতি ডার্বিতেও মাঠে নামতে পারবেন কিনা, সন্দেহ আছে।

ডার্বির আগে বাড়ল হাবাসের চিন্তা

এডমন্ডের এই চোট ইস্টবেঙ্গলের কাছে বড় ধাক্কা। বিশেষ করে ২৯ নভেম্বর কলকাতা ডার্বির আগে তাঁর অনুপস্থিতি আক্রমণভাগকে দুর্বল করে দিতে পারে। চলতি মরসুমে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে হ্যাটট্রিক করে নায়ক হয়েছিলেন এডমন্ড। সেই ফুটবলারকেই গুরুত্বপূর্ণ সময়ে পাচ্ছেন না হাবাস।

তার উপর চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আনোয়ার আলি। ফলে রক্ষণ ও আক্রমণ—দুই বিভাগেই সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গল কোচকে। চেন্নাইনের বিরুদ্ধে পাঁচ গোল হজম, দিল্লির বিরুদ্ধে দুই গোল খাওয়া এবং পরপর ম্যাচে পয়েন্ট নষ্ট—সব মিলিয়ে ডার্বির আগে লাল-হলুদ শিবিরের উদ্বেগ ক্রমশ বাড়ছে।