কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলেটিক্সে নতুন ইতিহাস লিখলেন গুলবীর সিং। পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপোর পদক জিতে এই ইভেন্টে কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে পদক জয়ের নজির গড়লেন তিনি। এই সাফল্যের ফলে ভারতের পদকসংখ্যাও আরও সমৃদ্ধ হল।
তাঁর এই সাফল্যের সৌজন্যে কমনওয়েলথ গেমসে ভারতের পদকসংখ্যা পৌঁছল ১২-তে। এর আগে ভারোত্তোলনে মহিলাদের ৬৯ কেজি বিভাগে রুপোর পদক জিতেছিলেন হরজিন্দর কৌর। এদিকে ভারতের ঝুলিতে অন্তত ১৬টি পদক নিশ্চিত হয়ে গিয়েছে। পুরুষদের বক্সিংয়ে যদুমণি সিং এবং মহিলাদের বিভাগে প্রিয়া ঘাংহাস, প্রীতি পাওয়ার ও লাভলিনা বরগোহাইন নিজেদের নিজ নিজ বিভাগের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন।
এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী গুলবীর শুরু থেকেই ছন্দে ছিলেন। বৃষ্টিভেজা ট্র্যাকে ধৈর্য ধরে দৌড়ে শেষ ল্যাপে গতি বাড়িয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন তিনি। নির্ধারিত দূরত্ব শেষ করতে তাঁর সময় লাগে ২৭ মিনিট ৪৯.৭৮ সেকেন্ড।
এই রুপোর গুরুত্ব শুধু পদকের রংয়ে নয়। এতদিন কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০,০০০ মিটার ইভেন্টে ভারতের কোনও পদকই ছিল না। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন উত্তরপ্রদেশের এই দূরপাল্লার দৌড়বিদ। তাঁর এই সাফল্য ভারতীয় দূরপাল্লার দৌড়ের জন্যও একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
গত কয়েক বছরে ধারাবাহিক উন্নতি করেছেন গুলবীর। ২০২৩ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের পর ২০২৫ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫,০০০ ও ১০,০০০ মিটার—দুই ইভেন্টেই সোনা জিতেছিলেন। সেই ধারাবাহিকতাই তিনি বজায় রাখলেন গ্লাসগোতেও।
হরজজিন্দরের নজির ভাঙা রুপো
গুলবীরের রুপোর পাশাপাশি ভারোত্তোলনে হরজিন্দর কৌরের রুপো ভারতের পদকভাণ্ডার আরও সমৃদ্ধ করেছে। মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপোর পদক জিতলেন হরজিন্দর। একই ইভেন্টে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক— দুই বিভাগেই কমনওয়েলথ গেমসের রেকর্ড ভাঙলেন ২৯ বছর বয়সি এই মহিলা ভারোত্তোলক। হরজিন্দরের এই সাফল্যে ওয়েটলিফটিং থেকে এখনও পর্যন্ত মোট সাতটি পদক পেল ভারত। ২০২২ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন হরজিন্দর। এ বার রুপোর পদক এনে দিলেন দেশকে।
মঙ্গলবার (ভারতীয় সময়ে) মাঝরাতে প্রথমে ৯৯ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসের ইতিহাসে নয়া রেকর্ড গড়েন তিনি। এর পরে শেষ প্রচেষ্টায় ১০১ কেজি সফলভাবে তুলে নিজের গড়া রেকর্ড আবারও ভেঙে দেন।
স্ন্যাচের পরে ক্লিন অ্যান্ড জার্কেও একই রকম দাপট দেখান ভারতের এই ওয়েটলিফটার। প্রথমে ১২৩ কেজি এবং পরে ১২৬ কেজি ওজন সফল ভাবে তুলে নিজের রেকর্ড ভাঙেন হরজিন্দর। দুই বিভাগ মিলিয়ে মোট ২২৭ (১০১+১২৬) কেজি ওজন তুলে রুপোর পদক নিশ্চিত করেন তিনি। ২০২২ কমনওয়েলথ গেমসে ৭১ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন তিনি। এ বার নতুন ক্যাটিগরিতে নেমে দুরন্ত পারফর্ম করলেন। পঞ্চম দিনের শেষে ভারত মোট ১২টি পদক নিয়ে পদক তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।
আজও বহু পদকের আশা
আজ, বুধবার কমনওয়েলথ গেমসে ভারতের সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর একটি দিন। অ্যাথলেটিক্সে এ দিন সাতটি পদকের ফয়সালা হবে। অন্যদিকে বক্সিংয়ে ছয় ভারতীয় বক্সার একটি করে ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করবেন।
ভারোত্তোলনে ভারতের পদকসংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে নামবেন সঞ্জনা। সাঁতারের পুলে দেখা যাবে সজন প্রকাশ-সহ একাধিক ভারতীয় সাঁতারুকে। সবচেয়ে বেশি নজর থাকবে হাইজাম্পার মুরলী শ্রীশঙ্করের দিকে। যোগ্যতা অর্জন পর্বে প্রথম চেষ্টাতেই ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। পুরুষদের শটপাটে অভিজ্ঞ তাজিন্দর পাল সিং তুরের লক্ষ্য থাকবে ফাইনালে ওঠা। আর পুরুষদের ২০০ মিটার দৌড়ে প্রথম রাউন্ড উতরে পরের পর্বে পৌঁছতে ট্র্যাকে নামবেন অনিমেষ কুজুর।