দাবানলের ধোঁয়া সরাতে পারে বজ্রবিদ্যূৎ-সহ বৃষ্টি, বিশ্বকাপ ফাইনালের আগে কী পূর্বাভাস দিল নিউ ইয়র্কের আবহাওয়া দফতর?

World Cup Weather Photo-SNS

বিশ্বকাপ ফাইনালের আগে আয়োজকদের বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়া। নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে বাতাসের মান নিয়ে উদ্বেগ বাড়ছিল। তবে শেষ মুহূর্তে মিলেছে স্বস্তির খবর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বজ্রবিদ্যূৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেই বৃষ্টিই দাবানলের ধোঁয়া অনেকটা সরিয়ে দিতে পারে এবং ফাইনালের আগে বাতাসের গুণগত মানে উন্নতি ঘটাতে পারে।

মার্কিন আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুপুর ও বিকেলের দিকে নিউ জার্সি অঞ্চলে বজ্রবিদ্যূৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে বাতাসে ভেসে থাকা ধোঁয়া ও ক্ষুদ্র কণার ঘনত্ব কমতে পারে। ফলে ম্যাচ শুরু হওয়ার সময় পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

গত কয়েক দিন ধরে কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় নিউ ইয়র্ক ও নিউ জার্সি এলাকায় বাতাসের মানে অবনতি হয়েছিল। এর প্রভাব পড়ে একাধিক খেলার ইভেন্টেও। তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, রবিবারের সম্ভাব্য বজ্রবিদ্যূৎ-সহ বৃষ্টি বাতাস পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।


ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় পূর্বাভাস বলছে, ম্যাচের আগে বা চলাকালীন কিছু সময়ের জন্য বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। যদি স্টেডিয়ামের নির্দিষ্ট এলাকার মধ্যে বজ্রপাত ধরা পড়ে, তা হলে নিরাপত্তার স্বার্থে খেলা সাময়িকভাবে বন্ধ রাখার নিয়ম রয়েছে। যদিও বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ নির্ধারিত সময়েই শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

ফিফা এবং স্থানীয় আয়োজক কমিটিও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। বাতাসের মান, বজ্রপাত এবং আবহাওয়ার প্রতিটি আপডেট পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে দর্শক, খেলোয়াড় এবং ম্যাচ-অফিসিয়ালদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্বকাপ ফাইনালের আগে যে ধোঁয়ার কারণে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটতে পারে প্রকৃতির সৌজন্যেই। তবে বজ্রবিদ্যূৎ-সহ বৃষ্টি যদি পূর্বাভাস অনুযায়ী হয়, তা হলে আর্জেন্টিনা-স্পেন মহারণ তুলনামূলক পরিষ্কার আকাশ ও উন্নত মানের বাতাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা জোরালো।