উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার মুকুটে আরও একটি পালক সংযোজন হল। অনুর্ধ্ব ১৪ বছর বয়সী মেয়েদের ক্রিকেটের ফাইনালে শ্যামনগর তরুণ সংঘ ও মধ্যমগ্রাম পল্লীশ্রী মুখোমুখি হয়েছিল। ৩৫ ওভারের এই প্রতিযোগিতায় মধ্যমগ্রাম পল্লীশ্রী ৮ উইকেটে ১৩৫ রানের লক্ষ্যমাত্রা রাখে। তার জবাবে শ্যামনগর তরুণ সংঘ মাত্র ১ উইকেট হারিয়ে ওই রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়। এ বছর প্রথম চ্যাম্পিয়ন ট্রফি পেল শ্যামনগর তরুণ সংঘ।
মাঠে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য, জেলার ক্রিকেট সচিব পিনাকী চক্রবর্তী সহ গুরুপদ গাঙ্গুলি, পৃথ্বীজিৎ ঘোষ ও দিবাকর চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ভারতের প্রাক্তন ফুটবলার লালকমল ভৌমিক। শ্যামনগর বাসুদেবপুর তরুণ সংঘের খেলোয়াড় তানিশা দাসকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে সম্মানিত করা হয়। শ্যামনগর তরুণ সংঘ শতবর্ষে পদার্পণ করছে। এই বছরে মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে ক্লাবের ঐতিহ্যকে আরও বড় জায়গায় পৌঁছে দিল। প্রায় দু’মাস ব্যাপী এই লিগ পর্যায়ের খেলাগুলি অনুষ্ঠিত হয়।
জেলার সাতটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়ে মেয়েদের মধ্যে খেলাধুলোকে আরও প্রসার করার বার্তা দিল। জেলা সংস্থার সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য বলেছেন, একটা সময় এই জেলার মেয়েরা ফুটবল খেলতেন। কিন্তু সেইভাবে ক্রিকেটে তাঁদের দেখতে পাওয়া যায়নি। তাই আমরা গর্ব করে বলতে পারছি অন্যান্য খেলার পাশে এই জেলার মেয়েরা ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করতে চলেছে।