আজ বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, নবাগত কুরাসাওয়ের বিরুদ্ধে প্রথম এগারোয় কারা?

বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে আজ (রবিবার) রাতে (ভারতীয় সময় ১০.৩০) মাঠে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে গ্রুপ ‘ই’-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের নবাগত কুরাসাও। কাগজে-কলমে ম্যাচটি একপেশে বলেই মনে করা হচ্ছে, তবে বিশ্বকাপের মঞ্চে চমকের আশাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

২০১৮ ও ২০২২—টানা দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। সেই হতাশা ভুলে নতুন করে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই কোচ জুলিয়ান নাগেলসমানের দল মাঠে নামছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতেও তারা দারুণ ছন্দে ছিল এবং টানা জিতে টুর্নামেন্টে নামছে।

জার্মানির সম্ভাব্য একাদশে রয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, অধিনায়ক যশুয়া কিমিখ, জোনাথন তাহ, নিকো শ্লটারবেক, নাথানিয়েল ব্রাউন, ফেলিক্স এনমেচা, আলেকজান্দার পাভলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ এবং স্ট্রাইকার কাই হাভার্টজ। নাগেলসমান ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে তরুণ ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউনের বিশ্বকাপ অভিষেক হতে পারে।


অন্যদিকে, কুরাসাওয়ের জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত। প্রায় দেড় লক্ষ জনসংখ্যার দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে। অভিজ্ঞ কোচ ডিক অ্যাডভোকাটের অধীনে দলটি নিজেদের আন্ডারডগ হিসেবে দেখলেও লড়াই ছাড়তে নারাজ। অ্যাডভোকাটের দাবি, হারানোর কিছু নেই বলেই তাঁর দল ভাল ফুটবল খেলতে পারবে।

কুরাসাওয়ের সম্ভাব্য একাদশে থাকতে পারেন এলোয় রুম, জুরিয়েন গারি, জেফ্রি ফনভিল, লিয়ান্দ্রো বাকুনা, জুনিয়র বাকুনা, তাহিথ চং এবং জার্গেন লোকাডিয়ার মতো পরিচিত মুখরা। দলটি মূলত শক্তিশালী রক্ষণ গড়ে পাল্টা আক্রমণের কৌশলে জার্মানিকে চাপে ফেলার চেষ্টা করবে।

গ্রুপ ‘ই’-তে জার্মানি ও কুরাসাওয়ের সঙ্গে রয়েছে আইভরি কোস্ট এবং ইকুয়েডর। ফলে প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্ট তুলে নেওয়া দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। জার্মানি বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাইবে, আর কুরাসাও চাইবে বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তির বিরুদ্ধে সম্মানজনক লড়াই উপহার দিতে।