সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছেন জার্মানির বিশ্বজয়ী প্রাক্তন ফুটবলার মেসুট ওজিল। তাঁর সঙ্গে ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এর্দোগানের পুত্র নেকমেতিন বিলাল। কিন্তু বাংলাদেশে গিয়ে আচমকাই দুর্ঘটনার কবলে পড়লেন ওজিল। বৃহস্পতিবার কক্সবাজার থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এদিন, রোহিঙ্গাদের রিফিউজি ক্যাম্পে গিয়েছিলেন জার্মান তারকা। সেখানে তাঁরা খুদে ফুটবলারদের সঙ্গে দেখা করেন তিনি। কিন্তু, ফেরার পথে উখিয়া উপজেলার কুটুপালোং এলাকার হাইওয়েতে আচমকাই দুর্ঘটনার কবলে পরে ওজিলের গাড়ি।
জানা গিয়েছে, সন্ধে সাতটা নাগাদ একটি টোটো আচমকাই সেই হাইওয়েতে উঠে যায়। যারসঙ্গে ওজিলের কনভয়ে থাকা পুলিশের গাড়ির সংঘর্ষ হয়। এরফলে, গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও স্বস্তির বিষয় হল, বড় কোনও ক্ষতির মুখে পড়েননি ওজিল এবং বিলাল। তারা দুজনেই নিরাপদেই ছিলেন।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, শাহিপোরা হাইওয়ে থানার ওসি শইফুল ইসলাম। জানিয়েছেন, ওজিল এবং বিলালের গাড়িটি আগে ছিল। এই গাড়িটির পিছনে থাকা কনভয়ের একটি গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ হয়। যারফলে, টোটোচালক গুরুতর জখম হয়েছেন।
তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন শাহিপোরা হাইওয়ে থানার ওসি। ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত ওই টোটোটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই ঘটনায় নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে ভিভিআইপি কনভয় জোনে আচমকা টোটো ঢুকে পড়ল, তা নিয়ে বেশ বিতর্ক তৈরী হয়েছে। যদিও, বিষয়টি নিয়ে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে এখনও বিশেষ কিছু জানানো হয়নি।