ইংল্যান্ডে ভারতের বেহাল অবস্থা দেখে অবাক সৌরভ, ঘুরে দাঁড়াতে পারবেন শ্রেয়সরা? কী বললেন ‘দাদা’?

Sourav Ganguly Photo-SNS

ইংল্যান্ডে ভারতের সাম্প্রতিক ধারাবাহিক ব্যর্থতায় বিস্ময় প্রকাশ করলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে টি-২০-র বিশ্বচ্যাম্পিয়নরা খুব দ্রুতই ছন্দে ফিরবে বলেও বিশ্বাস তাঁর। তবে বিশ্বকাপজয়ী তারকা ব্যাটার সঞ্জু স্যামসনকে ভারতের প্রথম এগারো থেকে বাদ দেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। মঙ্গলবার ট্রেন্ট ব্রিজ-এ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায় ভারত। রানের ব্যবধানে এটি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অন্যতম বড় পরাজয়। পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত।

এর আগে শ্রেয়স আইয়ারকে অধিনায়কের দায়িত্ব দিয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে পাঠানো হয়। টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের পরিবর্তে দায়িত্ব পাওয়ার পরও এখনও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের অপেক্ষায় রয়েছেন শ্রেয়স। সফরের শুরুতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ০-২ ব্যবধানে সিরিজ হার ভারতের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়। বুধবার তাঁর ৫৪তম জন্মদিন পালনের পর সৌরভ বলেন, “ভারতের পারফরম্যান্স দেখে আমি একটু অবাক হয়েছি। সাদা বলের ক্রিকেটে তারা বরাবরই খুব শক্তিশালী দল। আমার মনে হয়, সাময়িকভাবে ফর্ম খারাপ হওয়ায় এমনটা হয়েছে।”

তবে দলের ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, “ওরা নিজেদের সেরাটা দিতে পারেনি। কিন্তু ভারতীয় দলে প্রচুর ভাল মানের ক্রিকেটার রয়েছে। আমি নিশ্চিত, ওরা ঘুরে দাঁড়াবে। এখন ওদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সিরিজে সমতা ফেরানো। প্রত্যেক ভালো দলেরই কঠিন সময় আসে, আর সেই সময় থেকে কীভাবে বেরিয়ে আসতে হয়, সেটাও তারা জানে।” ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলের প্রথম এগারো থেকে বাদ দেওয়া হয় সঞ্জু স্যামসনকে। তাঁর জায়গায় ওপেনিংয়ে কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হয়। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টের এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চাননি প্রাক্তন ভারত অধিনায়ক। শুধু বলেন, “ওই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব টিম ম্যানেজমেন্টের। এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।”


এদিনই জন্মদিন উপলক্ষে সৌরভের বহু প্রতীক্ষিত বায়োপিকের পোস্টারও প্রকাশ করা হয়। ২০২৭-এর ১৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। এই পোস্টারে ২০০২-এ ন্যাটওয়েস্ট সিরিজের ঐতিহাসিক ফাইনাল জয়ের পর লর্ডসের ব্যালকনিতে গেঞ্জি খুলে সৌরভের উল্লাস করার স্মরণীয় মুহূর্তকে তুলে ধরা হয়েছে। পোস্টার প্রকাশের পর সৌরভ বলেন, “এই পোস্টার আজই প্রকাশিত হয়েছে। আশা করি, আগামী বছর ছবিটি মুক্তি পেলে সবাই দেখবেন।” মঙ্গলবার মধ্যরাতে বাড়িতে কেক কেটে ৫৪তম জন্মদিন উদযাপন করেন সৌরভ ও তাঁর পরিবার। অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া। তবে বর্তমানে বার্সেলোনাতে থাকা মেয়ে সানার সঙ্গে ভিডিও কলে কথা বলে বিশেষ মুহূর্তটি উপভোগ করেন তিনি। সৌরভ বলেন, “অনেক মানুষ ফোন, মেসেজ এবং টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের ভালোবাসা ও সম্মানের জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।” কন্যা সানাকে নিয়ে তিনি বলেন, “সানা এখন বার্সেলোনায় রয়েছে, তাই ওর সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে। ও বাড়িতে থাকলে সাধারণত একটু বড় করে উদযাপন হয়। আর না থাকলে বাড়িতেই ছোট করে জন্মদিন পালন করি।”