তাঁর দেখা সেরা অধিনায়ক সৌরভ ও ধোনি! নিজের নেতৃত্ব নিয়েও বিস্ফোরক মন্তব্য শচীনের

Sourav-Sachin-Dhoni Photo-ANI

ভারতীয় ক্রিকেটে অধিনায়ক হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিংহ ধোনির অবদান নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁদের নেতৃত্বে বদলে গিয়েছিল ভারতীয় ক্রিকেটের ছবিই। এ বার সেই দুই অধিনায়ককেই নিজের পছন্দের তালিকার শীর্ষে রাখলেন শচীন তেন্ডুলকর। শুধু তাই নয়, ভারতীয় দলের অধিনায়ক থাকার সময় নিজের অভিজ্ঞতা নিয়েও মুখ খুললেন মাস্টার ব্লাস্টার। জানালেন, অধিনায়ক হলেও সব সময় নিজের পছন্দমতো দল বেছে নেওয়ার স্বাধীনতা তাঁর ছিল না!

মঙ্গলবার রেডিটের ‘আস্ক মি এনিথিং’ (এএমএ) পর্বে ক্রিকেটপ্রেমীদের নানা প্রশ্নের উত্তর দেন শচীন। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর খেলা জীবনে কোন অধিনায়কের নেতৃত্ব সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল? উত্তরে কোনও দ্বিধা না রেখেই শচীন বলেন, ‘আমার পছন্দের অধিনায়কদের কথা বলতে গেলে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং এমএস ধোনি অবশ্যই তালিকার একেবারে উপরের দিকে থাকবে।’

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হলেও অধিনায়ক হিসাবে শচীনের সময়টা খুব একটা সুখের ছিল না। ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে দু’দফায় ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। মোট ২৫টি টেস্টে অধিনায়কত্ব করেন। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে যে সব সময় নিজের মতো করে কাজ করতে পারেননি, তা এ বার স্পষ্ট করে দিলেন।


শচীনের কথায়, ‘অধিনায়ক হিসাবে দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের বিষয় ছিল। তবে সব সময় নিজের পছন্দমতো দল বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা আমার হাতে ছিল না। নব্বইয়ের দশকের তুলনায় এখন বিসিসিআই অনেক বেশি পেশাদার একটি সংস্থা। ভারতীয় ক্রিকেটও সেই সময় একটি বিশেষ কঠিন ও অন্ধকার পর্বের মধ্যে দিয়ে গিয়েছে।’

২০০০ সালের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হারের পরে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন শচীন। ২০০৭-এ তাঁকে ফের টেস্ট অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি তিনি। পরে সেই দায়িত্ব পান ধোনি।

প্রশ্নোত্তর পর্বে মজার একটি মুহূর্তও তৈরি হয়। শচীনকে প্রশ্ন করা হয়েছিল, ব্রায়ান লারা, রিকি পন্টিং, ম্যাথু হেডেন, জাক কালিস, মাহেলা জয়বর্ধনে, কুমার সঙ্গকারা, শিবনারায়ণ চন্দ্রপল এবং ইনজামাম-উল-হকের মতো ব্যাটারদের মধ্যে কাকে বল করতে সবচেয়ে বেশি ভাল লাগত?

সেই প্রশ্নের উত্তরে নিজের বোলিংয়ের কথাও মনে করিয়ে দেন মাস্টার ব্লাস্টার। ব্যাট হাতে যেমন বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন, তেমনই বল হাতেও একাধিক গুরুত্বপূর্ণ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

শচীনের এই মন্তব্যে ফের আলোচনায় সৌরভ-ধোনির নেতৃত্বের তুলনা। তবে মাস্টার ব্লাস্টারের বিচারে দু’জনেই সমান উচ্চতায়।