ফুটবল বিশ্বের অন্যতম সেরা পুরস্কারের মঞ্চে এ বারও তারকার মেলা। কিন্তু সেই তালিকায় রয়েছে বেশ কয়েকটি বড় চমকও। ২০২৬ সালের ব্যালন ডি’অরের মনোনয়ন প্রকাশিত হতেই দেখা গেল, পুরুষদের ৩০ জনের তালিকায় নেই বার্সেলোনার ব্রাজিলীয় তারকা রাফিনহা। বাদ পড়েছেন তাঁর সতীর্থ পেদ্রিও। নেই রোনাল্ডোর নামও। যদিও তা প্রত্যাশিতও ছিল না।
শুধু খেলোয়াড় নন, বার্সেলোনাকে সফল মরসুম উপহার দেওয়া কোচ হান্সি ফ্লিকও সেরা কোচের পাঁচ জনের তালিকায় নেই।
অন্য দিকে, লিওনেল মেসি আবার ফিরেছেন ব্যালন ডি’অরের দৌড়ে। তাঁর সঙ্গে রয়েছেন কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল, ভিনিসিয়াস জুনিয়র, আর্লিং হালান্ড, জুড বেলিংহ্যাম, হ্যারি কেন, ওসমান দেম্বেলে, লাউতারো মার্তিনেজের মতো তারকারা। ২০২৫-এর বিজয়ী দেম্বেলেও রয়েছেন এ বারের তালিকায়।
তবে রাফিনহার বাদ পড়াটাই সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে। বার্সেলোনার হয়ে গত মরসুমে ধারাবাহিক ভাবে নজর কেড়েছিলেন ব্রাজিলীয় উইঙ্গার। অথচ তাঁর নাম নেই ৩০ জনের তালিকায়। পেদ্রির পাশাপাশি দানি ওলমোরও জায়গা হয়নি। ফলে স্প্যানিশ ক্লাবটির একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।
চমক রয়েছে কোচের তালিকাতেও। সেরা পুরুষ কোচের পুরস্কারের জন্য মনোনীত পাঁচ জন হলেন মিকেল আর্তেতা, লুই দে লা ফুয়েন্তে, উনাই এমেরি, ভিনসেন্ট কোম্পানি এবং লুই এনরিকে। অর্থাৎ বার্সেলোনার সাফল্যের অন্যতম কারিগর ফ্লিক সেখানে নেই।
মহিলা বিভাগেও কম চমক নেই। গত তিন বার টানা ব্যালন ডি’অর জেতা আইতানা বোনমাতি এ বার মনোনীতই হননি। ফলে দীর্ঘ সময় পর নতুন কোনও নামের হাতে উঠতে পারে মহিলা ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান। তালিকায় রয়েছেন আলেক্সিয়া পুতেয়াস, ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন, এওয়া পায়োর, আলেসিয়া রুসো, ভিভিয়ানে মিয়েদেমা, খাদিজা শ-সহ একাধিক তারকা।
পুরুষদের তালিকায় মেসির উপস্থিতিও আলাদা করে নজর কাড়ছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা এ বার ইন্টার মায়ামির হয়ে খেলছেন। তাঁর পাশাপাশি ম্যানচেস্টার সিটির হালান্ড, রিয়াল মাদ্রিদের এমবাপে ও ভিনিসিয়াস, বার্সেলোনার ইয়ামাল এবং বায়ার্নের কেনকে ঘিরেও রয়েছে প্রবল আগ্রহ।
এ বারের তালিকায় ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মাঁর দাপটও স্পষ্ট। দেম্বেলে, হাকিমি, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, খভিচা কোয়ারাতসখেলিয়া, উইলিয়ান পাচো এবং ভিটিনহাদের মতো একাধিক ফুটবলার জায়গা পেয়েছেন। স্পেনের বিশ্বকাপ-সাফল্যের ছাপও রয়েছে—ইয়ামাল, রদ্রি, ফাবিয়ান রুইজ, ফেরান তোরেস ও কুকুরেয়ার মতো ফুটবলার রয়েছেন তালিকায়।
শুধু ব্যালন ডি’অর নয়, সেরা তরুণ প্রতিভা, সেরা গোলকিপার, সেরা কোচ এবং সেরা ক্লাবের মনোনয়নও প্রকাশিত হয়েছে। পুরুষদের সেরা তরুণ প্রতিভার দৌড়ে রয়েছেন ইয়ামাল ও কুবার্সি। গোলকিপারদের তালিকায় রয়েছেন থিবো কুর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেজ, দাভিদ রায়া, উনাই সিমোন এবং ইয়াসিন বুনু।
এ বার ব্যালন ডি’অরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ২৬ অক্টোবর, লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে। ব্যালন ডি’অরের ইতিহাসে এই প্রথম মূল অনুষ্ঠান লন্ডনে বসতে চলেছে। প্রথম ব্যালন ডি’অর জয়ী ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউজকে সম্মান জানাতেই এ বার লন্ডনকে বেছে নেওয়া হয়েছে।
কে শেষ হাসি হাসবেন? মেসির অভিজ্ঞতা, এমবাপের গোল, ইয়ামালের তারুণ্য, হালান্ডের বিধ্বংসী ফর্ম, না কি দেম্বেলের গত বারের সাফল্য—উত্তর মিলবে ২৬ অক্টোবর। আপাতত মনোনয়ন তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোর বিতর্ক, আর সেই বিতর্কের কেন্দ্রেই রাফিনহা, পেদ্রি এবং ফ্লিকের মতো বড় নামের অনুপস্থিতি।