বিশ্বকাপ শুরুর ঠিক আগে নতুন বিতর্কে জড়াল ফিফা। প্রযুক্তিগত ত্রুটির কারণে এক ঝাঁক সমর্থকের কাছে বিশ্বকাপের টিকিট পৌঁছে গেল সম্পুর্ণ বিনামূল্যে। কিন্তু পরে ভুল বুঝতে পেরে সেই সমর্থকদের কাছে টাকা চেয়ে নোটিস পাঠিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
কিন্তু ভুলটা কোথায়? সংস্থার টিকিট বিক্রির অনলাইন সিস্টেমে প্রযুক্তিগত ভুল হয়েছে, ব্যাখ্যা দিয়েছে ফুটবলের বিশ্ব নিয়ামক সংস্থা।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, প্রায় ৬০ জন সমর্থক টিকিট কেনার সময় অনলাইনে দাম দেওয়ার সময় প্রযুক্তির ত্রুটির কারণে কোনও পেমেন্ট না করেই টিকিট পেয়ে গিয়েছিলেন। বিষয়টি ধরা পড়ার পর সংশ্লিষ্ট ক্রেতাদের ই-মেল পাঠিয়ে জানানো হয়েছে যে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দাম না মেটালে তাঁদের টিকিটগুলি বাতিল হয়ে যাবে। সমর্থকদের হাতে সময় দেওয়া হয়েছে মাত্র সাত দিন।
এই সিদ্ধান্ত সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেক ফুটবলপ্রেমী। তাঁদের প্রশ্ন, FIFA-র প্রযুক্তিগত ভুলের দায় কেন সমর্থকদের উপর চাপানো হচ্ছে? কেউ কেউ আবার দাবি করেছেন, টিকিট বরাদ্দ হয়ে যাওয়ার পর তা বাতিল করার সিদ্ধান্ত অন্যায্য।
বিশ্বকাপ টিকিট বিতরণ নিয়ে অবশ্য এটাই প্রথম বিতর্ক নয়। গত কয়েক মাস ধরে FIFA-র টিকিট বিক্রির পদ্ধতি, পরিবর্তনশীল মূল্য এবং আসন বণ্টন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সির কর্তৃপক্ষও টিকিট বিক্রির কিছু প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করেছে।
২০২৬ বিশ্বকাপকে ঘিরে টিকিটের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। FIFA আগেই জানিয়েছিল যে কয়েকশো মিলিয়ন টিকিটের আবেদন জমা পড়েছে। সেই প্রেক্ষাপটে টিকিট বিক্রি প্রক্রিয়ার প্রতিটি ত্রুটি এখন বড় বিতর্কের কারণ হয়ে উঠছে।
ফুটবলবিশ্বের নজর এখন FIFA-র পরবর্তী পদক্ষেপের দিকে। সাত দিনের সময়সীমা শেষ হওয়ার পর সংস্থাটি কি টিকিটগুলি পুনরায় বিক্রি করবে, নাকি ক্ষতিগ্রস্ত সমর্থকদের জন্য কোনও বিশেষ ব্যবস্থা নেবে, সেটাই দেখার। তবে বিশ্বকাপ শুরুর আগেই এই ঘটনা ফিফার টিকিট ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।