আন্তর্জাতিক ক্রিকেট এবং সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেওয়ার পর ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য মিডল-অর্ডার ব্যাটার অজিঙ্ক রাহানেকে শুভেচ্ছায় ভরিয়ে দিল ক্রিকেট ও ক্রীড়া জগৎ। প্রায় দুই দশকের দীর্ঘ ও গৌরবময় কেরিয়ারের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই।
৩৮ বছর বয়সি রাহানেকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পাশাপাশি তাঁর দীর্ঘদিনের সতীর্থ চেতেশ্বর পূজারা এবং ভারতের ব্যাডমিন্টনের তারকা পি ভি সিন্ধুও আবেগঘন বার্তা দিয়েছেন।
বহু বছর রাহানের সঙ্গে ভারতীয় ড্রেসিংরুম ভাগ করে নেওয়া পূজারা তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্ত এবং গুরুত্বপূর্ণ জুটির কথা স্মরণ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘অজিঙ্ক, এমন একটি কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। এমন কেরিয়ার নিয়ে তুমি সত্যিই গর্ব করতে পারো! এত বছর তোমার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়া আমার কাছে সম্মানের। মাঠে এবং মাঠের বাইরে আমরা যে অসংখ্য পার্টনারশিপ ও স্মৃতি তৈরি করেছি, সেগুলো আমি সব সময় সযত্নে মনে রাখব। জীবনের নতুন অধ্যায়ে তোমার এবং তোমার পরিবারের জন্য রইল অনেক শুভেচ্ছা’।
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকরও রাহানেকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দন, অজিঙ্ক। মুম্বইয়ের হয়ে প্রথমবার আমরা একসঙ্গে ব্যাট করার সময়ই বুঝেছিলাম, তুমি কখনও সময়ের পিছনে ছোটোনি। বরং দলের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত ছিলে বলেই সাফল্য নিজে থেকেই তোমার কাছে এসেছে’।
শচীন আরও যোগ করেন, ‘অস্ট্রেলিয়ায় তোমার নেতৃত্বে সেই ঐতিহাসিক সাফল্যও এই গুণেরই প্রমাণ। তুমি দেখিয়েছিলে, স্থিরতা কখনও আগ্রাসনের বিপরীত হতে পারে না। বরং সেই স্থিরতাই অনেক সময় একটি দলকে নির্ভীক হয়ে খেলার আত্মবিশ্বাস জোগায়। দুর্দান্ত একটি কেরিয়ারের জন্য অভিনন্দন। তোমার ও তোমার পরিবারের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা’।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই):
ভারতীয় ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হল। ভারতীয় ক্রিকেটে তোমার অসামান্য অবদান এবং অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্য ধন্যবাদ, অজিঙ্ক রাহানে। জীবনের নতুন অধ্যায়ের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ:
ভারতীয় ক্রিকেটে সবচেয়ে অবমূল্যায়ন হয়েছে যে ক্রিকেটারদের, তাঁদের একজন, আর সেই মানুষ যিনি ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সর্বকালের সেরা বিদেশ সফরে টেস্ট সিরিজ জয় এনে দিয়েছিলেন, সে-ই অজিঙ্ক রাহানে। শান্ত, দৃঢ়। কখনো বাড়তি প্রচার চায়নি, শুধু নিজের সেরাটা দিয়ে গিয়েছে। ২০১৫-য় দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন দুর্দান্ত প্রথম ইনিংস খেলেছিলে, তেমনই জীবনের দ্বিতীয় ইনিংসও অসাধারণ হোক, অজিঙ্ক।
ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং:
অজিঙ্ক রাহানে, এক উঁচু মানের ও ঠাণ্ডা মাথার ক্রিকেটার, যে গর্বের সঙ্গে ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়ায় অসাধারণ সাফল্যে অধিনায়কত্ব করা ও অগুনতি অসাধারণ ইনিংস খেলে নিজেকে নিজেকে কিংবদন্তি করে তুলেছে সে। দুর্দান্ত এক কেরিয়ারের জন্য অভিনন্দন। শুভ অবসর, জিঙ্কস। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।
প্রাক্তন ভারতীয় ব্যাটার ও বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর:
সব দিক থেকেই অজিঙ্ক রাহানে ক্রিকেটের এক সত্যিকারের যোদ্ধা। ওর মধ্যে ভাল খেলার খিদে ও নেশা ছিল। টেস্ট ব্যাটার হিসেবে ওর যাত্রা ছিল অসাধারণ। অস্ট্রেলিয়ায় ও SENA দেশগুলিতে ও আরো অসাধারণ ছিল। ২০২০-২১-এ বর্ডার-গাভাসকর ট্রফিতে ও যে ভাবে স্রোতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তা ছিল অসাধারণ। ৩৬ অল আউট থেকে গাবায় দাপট দেখানোই ওর কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়। ভারতীয় ক্রিকেটে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আজ্জুকে মানুষ মনে রাখবে ভারতীয় ক্রিকেটের সেরা যোদ্ধা হিসেবে।
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ও হেড কোচ রবি শাস্ত্রী:
অজিঙ্ক রাহানে ছিল ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার। আমি কোচ থাকাকালীন ও ছিল দলের সবচেয়ে নির্ভারযোগ্য খেলোয়াড়দের অন্যতম। আমার বিশ্বাস, ও দলে আরো ভালো জায়গা পাওয়ার যোগ্য ছিল। ওর চোখের জলে ওর অন্তরের ব্যথা লুকিয়ে রয়েছে। ভারতীয় ক্রিকেট থেকে ওর আরো অনেক কিছু প্রাপ্য ছিল।
ভারতের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান:
জিঙ্কস, কত সফর, কত ড্রেসিংরুম, কত পার্টনারশিপ… আর কত স্মৃতি! অধিনায়ক হিসেবে যেমন তোমাকে সবসময় শান্ত ও স্থির দেখেছি, সতীর্থ হিসেবেও তেমনই নির্ভরযোগ্য ছিলে। বাইরে থেকে সবসময় শান্ত, কিন্তু ভেতরে শুধুই দেশের জন্য লড়াই করার মানসিকতা। জীবনের পরবর্তী অধ্যায়ও ঠিক ততটাই সুন্দর হোক।
ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান:
দুর্দান্ত একটি কেরিয়ারের জন্য অভিনন্দন অজিঙ্ক রাহানে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটকে যে অসাধারণ স্মৃতিগুলো উপহার দিয়েছ, তার জন্য ধন্যবাদ। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা, বন্ধু।
ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু:
শুভ অবসর, জিঙ্কস! তোমার কেরিয়ার সাহস, শান্ত স্বভাব এবং সবচেয়ে কঠিন পরিস্থিতিতে খেলা অসংখ্য লড়াকু ইনিংসের এক অনন্য উদাহরণ। ২০১৪ সালে লর্ডসে তোমার সেই দুর্দান্ত ১০৩ রানের ইনিংস চিরকাল মনে থাকবে। ভারত তখন প্রবল চাপে ছিল, পরিস্থিতিও ছিল অত্যন্ত কঠিন। কিন্তু তুমি অসাধারণ চরিত্র এবং ক্লাসের পরিচয় দিয়ে সেই ইনিংস খেলেছিলে। জীবনের দ্বিতীয় ইনিংস সুখ, সাফল্য এবং তোমার প্রিয় সবকিছুতে ভরে উঠুক। দুর্দান্ত একটি কেরিয়ারের জন্য অভিনন্দন, অজিঙ্ক রাহানে।
ডানহাতি ব্যাটার রাহানে টেস্ট ক্রিকেটে ৮৫ ম্যাচে ৫,০৭৭ রান করেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরান। গড় ৩৮.৪৬। একদিনের ক্রিকেটে ৯০ ম্যাচে ৩৫.২৬ গড়ে করেছেন ২,৯৬২ রান। রয়েছে তিনটি শতরান এবং ২৪টি অর্ধশতরান। ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ৩৭৫ রান।
বিরাট কোহলির অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে ২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে ঐতিহাসিক ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতিয়েছিলেন রাহানে। সেই সিরিজে প্রথম টেস্টে অ্যাডিলেডে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে বড় ধাক্কা খেয়েছিল ভারত। তার উপর পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। এমন কঠিন পরিস্থিতিতে মেলবোর্ন টেস্টে রাহানের অনবদ্য শতরান শুধু সিরিজে ভারতকে সমতায় ফেরায়নি, বরং এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ভিতও গড়ে দিয়েছিল।