ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব কুশল দাস প্রয়াত

সারা ভারত ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব কুশল দাস প্রয়াত। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবল প্রশাসনে বিরাট শূন্যতা দেখা দিল। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর জীবনাবসান হয়।

কুশল দাস ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব পদে টানা দশ বছর কাজ করেছেন। সচিব থাকাকালীন ভারতীয় ফুটবলের বিভিন্ন স্তরে পরিবর্তন এনেছিলেন। সাংগঠনিক উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও সবার মুখে মুখে ঘোরে। ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের ফুটবল পরিকাঠামোয় বিরাট পরিবর্তন এনেছিলেন। এমনকি ফুটবলকে পেশাদারি হিসেবে পরিচিত করার জন্য তাঁর পরিকল্পনা বাস্তবে রূপ পেয়েছিল।

দেশীয় ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফুটবলের বিকাশ কীভাবে ঘটানো যায়, তারও রূপরেখা তৈরি করেছিলেন কুশল দাস। সেই রূপরেখা সার্থক হয়েছিল। তাঁর প্রশাসনিক দক্ষতা এবং দূরদর্শিতা ভারতীয় ফুটবলে বিশেষ জায়গা করে নিয়েছিল। তিনি যখন সচিব পদে দায়িত্ব নিয়েছিলেন, তখন ভারতীয় ফুটবল একটা দোটানার মধ্যে অবস্থান করছিল। একদিকে পেশাদারিত্ব ও অন্যদিকে অপেশারিত্বের মধ্যে ভারতীয় ফুটবল চলছিল। সেই সময় নতুন ভাবনায় ভারতীয় ফুটবলকে পেশাদারিত্বের মধ্যে টেনে এনেছিলেন। তারপরে বিভিন্ন কর্পোরেট হাউস এবং চ্যানেলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে আইলিগ থেকে শুরু করে অন্যান্য ফুটবল টুর্নামেন্টে খেলার সরাসরি প্রচারের ব্যবস্থা করেছিলেন। তিনি নিজে একজন চার্টাড অ্যাকাউন্টেন্ট হয়ে ফুটবলের প্রতি আনুগত্যে চলে এসেছিলেন। সারা ভারত ফুটবল ফেডারেশনের সচিব পদে তিনি দায়িত্ব নেওয়ার পরে নতুন নতুন ধারণায় এবং পরিকল্পনায় ভারতীয় ফুটবলের চেহারায় আমূল পরিবর্তন ঘটে গিয়েছিল।


২০১০ সালে ফেডারেশনের সচিব পদে আসার পরে নানারকম কর্মকাণ্ড তাঁর হাত ধরেই হয়েছে। তাঁর সময়কালে ২০১৭ সালে ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল ভারতে অনুষ্ঠিত হয়েছিল। আর ওই সময়ে চালু হয়েছিল ইন্ডিয়ান উইমেনস লিগ। মহিলা ফুটবলারদের গুরুত্ব দেওয়ার জন্যই তিনি এমন ভূমিকা পালন করেছিলেন। আর্থিক স্বচ্ছলতাও আসে ফেডারেশনের।

কীভাবে ফেডারেশনকে বাণিজ্যিক সংস্থায় পরিণত করা যায়, তারও ভূমিকা ছিল প্রয়াত কুশল দাসের। সভাপতি প্রফুল্ল প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে সচিব কুশল দাস নজিরবিহীন অবদান রেখেছিলেন ভারতীয় ফুটবলে। এমনকি কোভিড পরিস্থিতিতে লিগ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তবে সচিব কল্যাণ চৌবে ক্ষমতায় আসার পরে কুশল দাসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল।

এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় ফরেন্সিক অডিটের পরে। প্রাক্তন সচিব কুশল দাসের প্রয়াণে ফুটবল মহলের বিভিন্ন স্তর থেকে শোকবার্তায় জানানো হয়েছে, তাঁর মতো শক্তিশালী প্রশাসক ভারতীয় ফুটবলে অভাব রয়েছে। এই শূন্যতা ভরাট করা বেশ কঠিন ব্যাপার। শোক প্রকাশ করা হয়েছে সারা ভারত ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে।