মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বিপাকে ডেভিড ওয়ার্নার, দোষী সাব্যস্ত, জরিমানা, যেতে পারে নেতৃত্বও

Image: IANS

ক্রিকেট মাঠে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন ডেভিড ওয়ার্নার (David Warne)। তাতে কেউ কখনো কোনো আপত্তি করেননি। এ বার মাঠের বাইরের আগ্রাসনের জন্য আইনের গেরোয় পড়লেন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, এই অভিযোগে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনারকে দোষী সাব্যস্ত করল সিডনির আদালত। শাস্তি হিসেবে ১৫০০ অস্ট্রেলীয় ডলার (প্রায় ১০৬৫ মার্কিন ডলার) জরিমানা করা হয় তাঁকে। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, তাঁর গাড়িতে এমন একটি ‘ইন্টারলক’ যন্ত্র বসাতে হবে, যা মদ্যপানের অস্তিত্ব টের পেলে গাড়ির ইঞ্জিন চালু হতে দেবে না।

এপ্রিল মাসে ইস্টারের সপ্তাহান্তে এই ঘটনাটি ঘটেছিল। একটি সামাজিক অনুষ্ঠানের পর পরিবারের সদস্যদের নিয়ে সিডনির পূর্ব শহরতলির দিকে গাড়ি চালিয়ে ফিরছিলেন ৩৯ বছরের ওয়ার্নার। পথে র‌্যান্ডম ব্রেথ টেস্ট হচ্ছে দেখতে পেয়ে তিনি গাড়ি থামান। এক মহিলা যাত্রীর সঙ্গে আসন বদলানোর চেষ্টাও করেন। কিন্তু পুলিশ তাঁকে চালকের আসনেই দেখে ফেলে এবং শ্বাস পরীক্ষায় তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা আইনি সীমার দ্বিগুণেরও বেশি পাওয়া যায়।

আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা, জেনে নিন


ওয়ার্নার (David Warne) অবশ্য আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। তাঁর আইনজীবী আদালতের কাছে আবেদন করেছিলেন, ওয়ার্নারকে (David Warne) যেন দোষী সাব্যস্ত না করা হয়। কারণ, এই ঘটনার পর সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারের জেরে তাঁর পেশাগত এবং বাণিজ্যিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

তবে ওয়ার্নারের (David Warne) তারকা-পরিচিতি তাঁকে আইনের হাত থেকে আলাদা সুবিধা দেয়নি। ওয়েভারলি লোকাল কোর্টের বিচারক ক্লেয়ার ফারনান বলেন, ‘আমি মেনে নিচ্ছি যে ওয়ার্নারের (David Warne) আবার একই অপরাধ করার সম্ভাবনা কম’। কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘দুঃখজনক ভাবে, নিউ সাউথ ওয়েলসে অনেক পথ দুর্ঘটনার ক্ষেত্রে এখনও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো একটি গুরুত্বপূর্ণ কারণ’।

এই অপরাধের গুরুত্ব আরও বেড়েছে কারণ ঘটনার সময় গাড়িতে শিশুরাও ছিল। আদালত সেটিকেও সাজা দেওয়ার ক্ষেত্রে গুরুতর বিষয় হিসেবে বিবেচনা করেছে। ওয়ার্নারকে এখন তাঁর গাড়িতে ‘ইন্টারলক’ ব্যবস্থা বসাতে হবে। গাড়ি চালু করার আগে তাঁকে ওই যন্ত্রে ফুঁ দিতে হবে। শরীরে অ্যালকোহল ধরা পড়লে গাড়ির ইঞ্জিন চালু হবে না।

আরও পড়ুন: আজারেইয়ের হ্যাটট্রিক চিন্তা বাড়ালো মোহনবাগানের, দুরন্ত প্রত্যাবর্তনে লাজংকে উড়িয়ে ডুরান্ড সেমিফাইনালে নর্থইস্ট

ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ, কারণ ওয়ার্নার  (David Warne) বর্তমানে সিডনি থান্ডার দলের অধিনায়ক। একই সঙ্গে তিনি ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার হিসাবেও কাজ করেন। সিডনি থান্ডার আবার নিউ সাউথ ওয়েলস সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে সচেতনতা প্রচারের সঙ্গেও যুক্ত। ফলে এই ঘটনার পর তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

ক্রিকেট নিউ সাউথ ওয়েলস অবশ্য জানিয়েছে, তারা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। সংস্থার বক্তব্য, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এড়িয়ে চলা-সহ নিরাপদে গাড়ি চালানোর আমরা জোরালো সমর্থক। খেলোয়াড়দের নিরাপদে গাড়ি চালানোর গুরুত্ব বোঝানোর বিষয়টিও আমরা গুরুত্ব দিয়ে চালিয়ে যাব’।

আদালত থেকে বেরোনোর সময় অবশ্য সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি প্রাক্তন অস্ট্রেলীয় তারকা। ১১২টি টেস্ট এবং ২৫০-এর বেশি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলা ওয়ার্নারের (David Warne) ক্রিকেটজীবনে একাধিক বিতর্ক এলেও এ বার মাঠের বাইরের এই ঘটনা নতুন করে তাঁকে চর্চার বিষয় করে তুলল।

দেখুন: অতিবৃষ্টিতে ভেঙে পড়ল জোড়াবাগানের পুরনো বাড়ি, হতাহত একাধিক