ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে তৎপরতা, ৪ অক্টোবর কলকাতায় বিশেষ সাধারণ সভা

AIFF Logo Photo-SNS

ভারতীয় ফুটবলের প্রশাসনিক মহলে ফের নির্বাচনের দামামা। আগামী ৪ অক্টোবর কলকাতায় বিশেষ সাধারণ সভা (SGM) ডাকল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। এই সভাতেই ফেডারেশনের আসন্ন নির্বাচনের জন্য নির্বাচনী অফিসার নিয়োগ করা হবে। পাশাপাশি AIFF-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের প্রস্তাবও পাশ হবে এই সভায়।

কলকাতার সেন্টার অফ এক্সেলেন্সে হবে এই বিশেষ সাধারণ সভা। শুক্রবার ফেডারেশনেক স্থায়ী ও সহযোগী সদস্যদের কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে সভার দিনক্ষণ এবং আলোচ্যসূচি জানানো হয়েছে। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং কার্যনির্বাহী কমিটির তরফে সংবিধানের ২২.৩ ধারা মেনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়াই এই সভার মূল লক্ষ্য। ৯ সেপ্টেম্বর ক্রীড়া মন্ত্রক যে জাতীয় ক্রীড়া নির্বাচনী প্যানেল ঘোষণা করেছে, সেখান থেকেই একজনকে নির্বাচন আধিকারিক হিসেবে বেছে নেওয়া হবে। সেই নিয়োগের জন্য ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি সুপারিশ করবে। ইলেক্টোরাল অফিসার নিয়োগের পাশাপাশি কার্যনির্বাহী কমিটির নির্বাচন করার জন্য একটি প্রস্তাবও সভায় পাশ করানো হবে।


তবে এই সভায় ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের ভোট দেওয়ার অধিকার থাকবে না। এমনকী, তাঁরা তাঁদের নিজ নিজ সদস্য সংস্থার প্রতিনিধিত্বও করতে পারবেন না। ফলে নির্বাচনের আগে এই বিশেষ সভার গুরুত্ব যথেষ্ট।

শুধু নির্বাচন নয়, সভায় কৃতী ক্রীড়াবিদদের ফেডারেশনের সাধারণ সভার সদস্য হিসেবে নির্বাচিত করার বিষয়টিও রয়েছে। পাশাপাশি আগের কয়েকটি সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন ও গ্রহণ করা হবে। বৈঠকের খসড়া কার্যবিবরণী পরীক্ষা করার জন্য তিন জন সদস্য নিয়োগের বিষয়ও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

অর্থাৎ, ৪ অক্টোবর কলকাতার বৈঠকেই ভারতীয় ফুটবল প্রশাসনের পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া কার্যত শুরু হয়ে যাবে। ইলেক্টোরাল অফিসার নিয়োগ এবং নির্বাচনের প্রস্তাব পাশের পর পরবর্তী ধাপগুলি এগিয়ে নেওয়ার পথও পরিষ্কার হবে ওই দিন।