আবার বিমান বাতিল, কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

এখনও দেশে ফেরা হল না টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের। ইতিমধ্যেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা অনেক আগেই এই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল এবং এই দুই দলের খেলা ছিল কলকাতাতেই। তারপর থেকেই ইরান ও ইজরায়েল-আমেরিকার যুদ্ধের কারণে বিমান চলাচলের অসুবিধায় ওই দুই দেশের খেলোয়াড়রা এখনও পর্যন্ত দেশে ফিরতে পারছেন না। আইসিসি-র পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিয়ে এই দুই দলের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করাও হয়েছিল। মঙ্গলবার এই দুই দলের দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে জোহানেসবার্গে যাওয়ার বিমান বাতিল হয়ে যায়। তাই অনিশ্চয়তার মধ্যে পড়তে হল।

আদত সমস্যার মূলে পশ্চিম এশিয়ার আকাশপথ। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জেরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারস্পেস বন্ধ। ফলে আন্তর্জাতিক ফ্লাইটের রুট বদলাতে হচ্ছে, কোথাও কোথাও পুরো ফ্লাইট বাতিল হচ্ছে। এই পরিস্থিতির জেরে ভারতে আটকে দুই ক্রিকেট দল।

ওয়েস্ট ইন্ডিজ শিবির কলকাতায় প্রায় আট দিন ধরে। ইডেন গার্ডেন্সে ১ মার্চ ভারতের কাছে সুপার এইট ম্যাচে পরাজয়ের পর থেকেই শহরে রয়েছে তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অভিযান শেষ হয় ৪ মার্চ। একই মাঠে সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয় তাদের। তারপর থেকে প্রোটিয়ারাও দেশে ফেরার জন্য কলকাতায় অপেক্ষমান। আইসিসি এবং বিসিসিআইয়ের সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শহরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ১২ জন ক্রিকেটার এবং ১০ জন সাপোর্ট স্টাফ। দক্ষিণ আফ্রিকার দলে ১২ জন খেলোয়াড় এবং দু’জন সহকারী। সবাই আপাতত হোটেলে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন।


চার্টার্ড ফ্লাইট বাতিল হয়ে যাওয়ার পর কিছু ক্রিকেটার নিজেরা আলাদা করে ভ্রমণের ব্যবস্থা নিলেও তাতে লাভের লাভ হয়নি। এয়ারস্পেস ক্লিয়ারেন্স না মিললে মেঘ কাটবে না। যতক্ষণ না আকাশপথ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ নিশ্চিতভাবে কোনও ফ্লাইটের ব্যবস্থা করা অসম্ভব। এই পরিস্থিতিতে আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে বিকল্প পথ খুঁজছে।