এবার থেকে ফিফা আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণ করতে পারবেন আফগানিস্তানের মহিলা উদ্বাস্তু ফুটবল দল। এতদিন ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে ফিফা স্বীকৃত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো তারা। তবে, ফিফা ছাড়পত্র দেওয়ায় এবার থেকে আফগানিস্তান নাম নিয়েই খেলতে পারবে তারা।
২০১৮ সালে শেষ বার কোনও প্রতিযোগিতায় নেমেছিল আফগানিস্তানের মহিলা এই ফুটবল দল। এরপর ২০২১ সালে তালিবান ক্ষমতা দখলের পর ভেঙে দেওয়া হয়েছে সেই দল। তারপর থেকে প্রাণ বাঁচাতে দেশের বাইরে রয়েছেন মহিলা ফুটবলার’রা। এদের বেশিরভাগ খেলোয়াড়ই থাকেন অস্ট্রেলিয়ায়। সেখানকার বিভিন্ন ক্লাবে তাঁরা খেলেন। ফিফার এই অনুমতি পাওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছসিত সেদেশে মহিলা ফুটবলাররা।
অস্ট্রেলিয়া থেকে আফগান ফুটবলার নাজিয়া আলি বলেন, গত কয়েক বছর ধরে তারা বিভিন্ন নামে ফুটবল খেলেছেন। কখনও উদ্বাস্তুদের দল আবার কখনও আফগানি উইমেন ইউনাইটেড নাম নিয়ে তাদের খেলতে হয়েছে। অবশেষে আবার দেশের পতাকা গায়ে নিয়ে খেলার সুযোগ পাওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দিত তিনি। অন্যদিকে, আফগানিস্তানের প্রাক্তন মহিলা ফুটবল অধিনায়ক খালিদা পোপাল বলেন, ফিফা দেখিয়ে দিয়েছে, সদিচ্ছা থাকলে সব সম্ভব।
মঙ্গলবার ভ্যাঙ্কুভারে ফিফার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, আফগান উইমেন ইউনাইটেড নাম নিয়ে আফগানিস্তানের মহিলা ফুটবলারেরা যে সুন্দর যাত্রা শুরু করেছিলেন, তাকে আরও একটু মসৃণ করার চেষ্টা করেছেন তিনি। এ বার থেকে দেশের হয়েই বিভিন্ন ফিফা প্রতিযোগিতায় নামতে পারবেন তারা।