ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠতে আর দেরি নেই, সুখবর দিল ক্লাব

Photo: X

অবশেষে কাটতে চলেছে মহমেডান ক্লাবের দীর্ঘ অনিশ্চয়তা। ফিফা ট্রান্সফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এখন একেবারে শেষ পর্যায়ে। সব কিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই ফিফার তরফে সরকারি ঘোষণা হয়ে যাবে বলে আশাবাদী ক্লাব কর্তারা।

সোমবার ক্লাব টেন্টে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই খবর দেন ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াসিম আক্রম, সহ-সাধারণ সম্পাদক গজল উজ জাফর এবং ফুটবল সম্পাদক বেলাল আহমেদ খান।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি ফুটবলার আবদুল কাদিরির প্রাপ্য সমস্ত বকেয়া ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। শুধু অর্থ পরিশোধই নয়, সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে তার স্বীকৃতিও ক্লাবের হাতে পৌঁছে গিয়েছে।


কর্তাদের দাবি, বকেয়া সংক্রান্ত সমস্ত জটিলতার নিষ্পত্তি হয়ে যাওয়ায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। সেই কারণেই খুব শিগগিরই ফিফার তরফে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করা হবে বলে তাঁরা আশা করছেন।

ফিফার সবুজ সংকেত মিললেই নতুন ফুটবলার নেওয়ার পথ খুলে যাবে। আসন্ন মরসুমের দল গঠন সংক্রান্ত পরিকল্পনাও তখন পূর্ণমাত্রায় এগিয়ে নিয়ে যেতে পারবে ক্লাব। তাই ফিফার ঘোষণার অপেক্ষায় এখন ক্লাব কর্তাদের পাশাপাশি সমর্থকেরাও।

এদিকে, আজই সন্ধ্যায় ডুরান্ড কাপ অভিযান শুরু করছে মহমেডান। বিপক্ষে বারণসীর বাগপত এফসি। কলকাতা লিগে সম্প্রতি বেশ ভালো ফর্মে আছে সাদা-কালো ব্রিগেড। ডুরান্ড কাপেও সেই ধারাবাহিকতা তারা বজায় রাখতে পারে কিনা, সেটাই দেখার।