ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকে ঋষভ পন্থকে সরিয়ে কেএল রাহুলকে দায়িত্ব দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এই নিয়ে যখন নানা মহলে জল্পনা চলছে, তখন প্রথমবার মুখ খুললেন শুভমান গিলদের হেডস্যার। তাঁর স্পষ্ট বার্তা, পন্থকে নিজের স্বাভাবিক খেলার ধরন বদলাতে হবে না, তবে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার থেকে নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গম্ভীর বলেন, ‘আমরা চাই না ঋষভ পন্থ বদলে যাক। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলা খুবই জরুরি। দলের প্রয়োজন কী, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে’।
ভারতীয় বোর্ড সম্প্রতি আফগানিস্তান টেস্টের দল ঘোষণা করার সময় পন্থকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়। এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হলেও গম্ভীর বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, ভারতের হয়ে খেলাই সবচেয়ে বড় দায়িত্ব। নেতৃত্বের পদ পাওয়া বা হারানো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়।
গম্ভীর বলেন, ‘ভারতের হয়ে খেলতে নামলে কেউ সহ-অধিনায়ক হওয়ার কথা ভেবে মাঠে নামে না। সবাই দেশের জন্য ভাল করার লক্ষ্য নিয়েই খেলে। শেষ পর্যন্ত বিচার হয় পারফরম্যান্সের ভিত্তিতেই।‘
এ বারের আইপিএল-এ লখনউ সুপার জায়ান্ট-এর হয়ে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি পন্থ। এর পরই তাঁর নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, এই সিদ্ধান্ত নিয়ে পন্থের কোনও অভিযোগ নেই। বরং তিনি দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে নিজের ভূমিকা পালন করে চলেছেন।
রায়ানের কথায়, ‘নেতা হতে গেলে সব সময় আনুষ্ঠানিক পদ লাগে না। ঋষভ সেটা বোঝে। আমরা চাই ওর স্বাভাবিক প্রতিভা অটুট থাকুক। তবে মাঝে মাঝে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলায় সামান্য পরিবর্তন আনতে পারলে সেটাই দলের জন্য সবচেয়ে উপকারী হবে’।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের বার্তা তাই পরিষ্কার, ঋষভ পন্থের আগ্রাসী ও স্বতঃস্ফূর্ত ব্যাটিং ভারতীয় দলের সম্পদ। তবে সেই প্রতিভার সঙ্গে যদি আরও বেশি সচেতনতা যোগ হয়, তাহলে তা দলকে আরও শক্তিশালী করবে।