থাইল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা ফুটবল দল। বুধবার, গ্রুপ-সি’র শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-১ গোলে হারিয়ে দিল তারা। দীর্ঘ ২২ বছর পর এশিয়ান কাপের মূলপর্বের কোনও ম্যাচে জয় তুলে নিলো ভারত। গত দুটি ম্যাচে জাপান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে এই ম্যাচে খেলতে নেমেছিলেন সুলঞ্জনা রাউল, পূজা’রা। যদিও, পরের রাউন্ডের ছাড়পত্র পেতে গেলে এই ম্যাচে জয় ছাড়া কোনও উপায় ছিল না জোয়াকিম আলেক্সান্ডারসনের দলের কাছে। সেই লক্ষ্যে এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারতীয় দল। গোলের জন্য বেশকিছু ভালো সুযোগও পেয়েছিল তারা।
তবে, তা থেকে গোলের মুখ খুলতে পারছিলেন না সুলঞ্জনা রাউলরা। ম্যাচের ১৫ মিনিট নাগাদ লহিংদেইকিম একটি ভালো সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারেননি। তাঁর শট তাইপেই গোলরক্ষক জিয়ান জি রুখে দেন। পরবর্তীকালে, খেলার ২৬ মিনিটে ভারতকে এগিয়ে দেন ভূমিকা দেবী।
ডান দিক থেকে শিবানির বাড়ানো বল সুলঞ্জনা মিস করলে, ফাঁকায় দাঁড়ানো ভূমিকা তা থেকে গোল করতে ভুল করেননি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের চাপ বজায় রাখে ভারত। সেই আক্রমণ থেকে ৩২ মিনিটে ভারতের হয়ে ব্যবধান ২-০ করে যান শিবানী দেবী। খেলার প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিল চাইনিজ তাইপেও। কিন্তু, তা থেকে গোল করতে পারেনি তারা। নেপথ্যে অবশ্যই ভারতের গোলরক্ষক রিবানসি জামু। প্রথম ম্যাচ খেলতে নেমেই দলের হয়ে বেশ কয়েকবার নিশ্চিন্ত পতন রোধ করলেন তিনি।
২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় বিরতির পর থেকে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় চাইনিজ তাইপে। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। দ্রুত ম্যাচের দখল নিয়ে নেন ভারতীয় দল। খেলার এই অর্ধে ৭২ মিনিট নাগাদ শিবানীর হেড পোস্টে লাগে। অবশেষে, ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে ভারতের হয়ে তৃতীয় গোল করে যান শিবানী। খেলার একেবারে শেষ মুহূর্তে (৯০+৩) মিনিটে চাইনিজ তাইপের হয়ে একটি গোল শোধ করেন কাও শিন।
এই জয়ের ফলে দীর্ঘ ২২ বছর পর এশিয়ার সর্বোচ্চ মঞ্চে জয় তুলে নিলেও কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারলো না ভারত। অন্য ম্যাচে উজবেকিস্তান হারিয়ে দিলো জর্ডনকে। ফলে, তৃতীয় সেরা দল হিসেবে শেষ আটের ছাড়পত্র পেয়ে গেল তারা।