বিশ্বকাপের আগে একের পর এক সমস্যার মুখে পড়ছে ইংল্যান্ড শিবির। সরঞ্জাম চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রকৃতির রোষে ব্যাহত হল দলের প্রস্তুতি। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে টর্নেডোর জেরে হোটেলে বন্দি থাকতে হল অধিনায়ক থ্রি লায়ন্স’দের।
কানসাস সিটির যে এলাকায় ইংল্যান্ডের অনুশীলন শিবির রয়েছে, তার কাছাকাছি টর্নেডোর প্রভাবে একাধিক গাছ ভেঙে পড়ে। সেই সময় ফুটবলাররা হোটেলে বসে স্কটল্যান্ড বনাম হাইতির ম্যাচ দেখছিলেন। সেইসময় এক সতর্কবার্তায় তাঁদের জানানো হয়, ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বইছে এবং বাইরে বের হওয়া বিপজ্জনক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে হোটেলের ঘরেই থাকার নির্দেশ দেওয়া হয়।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাত্র দু’ঘণ্টা আগেই কানসাস সিটির সুয়োপ সকার ভিলেজে অনুশীলন করেছিলেন হ্যারি কেন, মার্কাস রাশফোর্ডরা। তখন আবহাওয়া ছিল সম্পূর্ণ স্বাভাবিক। তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিয়ে ইংল্যান্ডের এক ফুটবলার জানান, কয়েক ঘণ্টা আগেও ঝলমলে রোদ ছিল। এত দ্রুত আবহাওয়ার পরিবর্তন হবে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি। তবে, আমেরিকায় অবশ্য টর্নেডো নতুন কিছু নয়।
এদিকে, আগামী ১৮ জুন ভারতীয় সময় রাত দেড়টায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে টমাস টুচেলের দল। এরপর ২৪ জুন ঘানা এবং ২৮ জুন পানামার বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড।