ইংল্যান্ড জয়ের হ্যাটট্রিকে সুপার এইটে

চলতি মরশুমে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেন উদ্যানে এখনও পর্যন্ত যে দেশগুলি একে অপরের বিরুদ্ধে খেলেছে, তাদের খেলা দেখার জন্য সেইভাবে দর্শকরা মাঠে আসেননি। তবুও যে সংখ্যক দর্শক সোমবার ইডেন উদ্যানে এসেছিলেন ইতালি ও ইংল্যান্ডের লড়াই দেখার জন্য, তাঁরা কিন্তু ম্যাচটি উপভোগ করলেন। ইতালির ক্রিকেটারদের উৎসাহ দিয়ে ইডেনের দর্শকরা ইচ্ছা প্রকাশ করেছিলেন ইংল্যান্ডকে চাপের মধ্যে রাখা। সেই আশা পূর্ণ করলেও শেষ পর্যন্ত ইতালি জিততে পারল না।

ইংল্যান্ড পরপর তিনটি ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক করল এবং সুপার এইটে পৌঁছে গেল। একটা সময় মনে হয়েছিল, হয়তো ইতালি জিতেও যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এমনকি ইংল্যান্ডের আদিল রশিদের এক ওভারে তিনটি ছক্কা মেরে ইতালি ২১ রান তুলেছিল। শেষ দুই ওভারে ইতালি যদি ৩০ রান করতে পারত, তাহলে অঘটন ঘটে যেত। আর সেই মুহূর্তটাকে জিইয়ে রাখার জন্য ইডেনের দর্শকরা গলা ফাটিয়েছেন ইতালির সমর্থনে। আসলে ইতালি পেরে উঠছিল না ইংল্যান্ডের অভিজ্ঞতার সঙ্গে। ইংল্যান্ডের ৭ উইকেটে ২০২ রানকে তাড়া করে ২০ ওভারে ইতালি ১৭৮ রান করে হার স্বীকার করে নেয়। অর্থাৎ তাদের হারতে হল ২৪১ রানে। কিন্তু ম্যাচটা অত্যন্ত উপভোগ্য হয়েছিল।

টসে জিতে প্রথমে ইংল্যান্ড ব্যাট করতে নামে। ইংল্যান্ডের উইল জ্যাক ২২ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। সাত নম্বরে খেলতে এসে তিনি খেলার মোড়টা ঘুরিয়ে দেন। তাঁর ব্যাটের একটি ছক্কা গ্যালারিতে গিয়ে পড়ে এক মহিলার চোখের উপরে। সঙ্গে সঙ্গে সেই মহিলার চোখে রক্তপাত শুরু হয়ে যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতালি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ইংল্যান্ডকে জবাব দিতে তৈরি হয়। লড়াইটা বেশ চরম জায়গায় পৌঁছে গিয়েছিল। জাস্টিন মস্কা মাত্র ৩৪ বলে ৪৩ রান করেন।


সবচেয়ে অবাক করে দিয়েছেন বেন মানেত্তি। দুরন্ত ব্যাট করলেন তিনি। ২৫ বলে ৬০ রান করে সবার মন জয় করে নেন। গ্র্যান্ট স্টুয়ার্ট ৪৫ রান করেছেন মাত্র ২৩ বলে। ইতালির এই তিন খেলোয়াড়ের নাম এখনও ক্রিকেট জগতে পরিচিতি পায়নি। তাঁরা যেভাবে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করল, তা অবশ্যই প্রশংসা করার মতো। তবুও ইতালির খেলোয়াড়রা শেষ রক্ষা করতে পারলেন না। আসলে দর্শকরা এদিন যেভাবে ইতালিকে সমর্থন করেছেন, এটাই ইডেনের চরিত্র। এখানেই বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কটল্যান্ডের জয় দেখতে চেয়েছিলেন দর্শকরা। সেই দৃশ্যই এদিনও দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্রিকেটপ্রেমীরা।