সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্য ফুটবল সংস্থাগুলিকে আগামী ৪ নভেম্বরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু আইএফএ চিঠি দিয়ে ফেডারেশনকে জানায় বাংলায় দুর্গাপুজোর কারণে সমস্ত কাজকর্ম বন্ধ থাকায় এই সময়সীমার মধ্যে তা করা সম্ভব নয়। তাই আগামী ১৪ নভেম্বর আইএফএ-তে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। শনিবার মধ্য কলকাতায় আইএফএ-র বিশেষ সাধারণ সভায় নির্বাচনের এই দিনই ঘোষণা করা হল।
এদিনের সভায় নতুন সংবিধানও গৃহীত হল আইএফএ-তে। তাই নতুন সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে, গঠন করা হবে নতুন কমিটি। এই কমিটিতে ১৫ জন সদস্য থাকতে পারবেন। বেতনভূক সচিব যোগ দেবেন রাজ্য ফুটবল সংস্থায়। তবে সংস্থার সমস্ত কাজকর্মের দায়িত্বে থাকবেন সভাপতি।
১৫ জন সদস্যের কমিটিতে তিনজন সহ সভাপতি থাকবেন। তার মধ্যে একজন মহিলা সদস্য নির্বাচিত হবেন। আগামী ২৮ অক্টোবর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। ওই তালিকায় যদি কোনও আপত্তি থাকে, তাহলে তা জানানোর জন্য ৩০ অক্টোবর ধার্য করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। জমা দেওয়ার শেষ দিন ৩ নভেম্বর। ৭ নভেম্বর মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। আর ৯ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আর ১১ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
উল্লেখ করা যেতে পারে, একজন সভাপতি, তিনজন সহসভাপতি ও একজন কোষাধ্যক্ষ-সহ অন্যদের নির্বাচনের মাধ্যমে কমিটিতে আসতে হবে। ১৫ সদস্যের কমিটিতে চারজন মহিলার পাশাপাশি জাতীয় স্তরের খেলোয়াড়দেরও অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান সুব্রত দত্ত। অবশ্য চেয়ারম্যান সুব্রত দত্ত নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারবেন না। তিনি ইতিমধ্যেই তিনটি টার্ম সম্পূর্ণ করেছেন। সেই কারণে কুলিং পিরিয়ডে চলে যেতে হবে তাঁকে।
তাই বলা যেতেই পারে যে বাংলার ফুটবল প্রশাসনে নির্বাচনের দামামা বেজে গেল। এ বার দেখার বর্তমান কর্মকর্তাদের সরিয়ে কারা দায়িত্ব নেন এবং বাংলার ফুটবল প্রশাসনে তাঁরা কী অবদান রাখতে পারেন।