কথা ছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকাদের মধ্যে এক প্রদর্শনী ম্যাচ হবে যুবভারতীতে। ‘এল ক্লাসিকো লিজেন্ডস’ নামের এমন সিরিজ আগেও হয়েছে এ দেশে। তবে কলকাতায় প্রথম হওয়ার কথা ছিল এই ম্যাচ।
কিন্ত শুরুতেই বিপত্তি। কলকাতায় এসে পৌঁছতেই পারলেন না দুই দলের খেলোয়াড়রা। ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। শহরের বিভিন্ন প্রান্তে হোর্ডিংও লাগানো হয়ে গিয়েছিল। এমনকী, অনলাইন টিকিট বিক্রির ঘোষণাও হয়ে গিয়েছিল।
গত মাসে পুজোর ঠিক আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ লিখেছিলেন, ‘এল ক্লাসিকো আসছে শহরে। বার্সেলোনা লিজেন্ডস বনাম রিয়াল মাদ্রিদ লিজেন্ডস ম্যাচ ২৫ নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।’ তাতে তারিখও দেওয়া ছিল ‘নভেম্বর ২৫, ২০২৬’।
জানা গিয়েছিল, এই ম্যাচে খেলবেন দুই দলের প্রাক্তন তারকারা। পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো ছাড়াও খেলার কথা ছিল কার্লোস পুওল, ইকের ক্যাসিয়াস, মাইকেল ওয়েনদের। কিন্ত জানা গিয়েছে, দুই দলের ফুটবলাররা ভারতে এসে পৌঁছতেই পারেননি।
কিন্তু কেন তারা ভারতে এসে পৌঁছতে পারলেন না? এই ম্যাচের মূল উদ্যোক্তা রাজ্য সরকারের ক্রীড়া দফতর সূত্রের খবর, দু’টি দলেরই আসার কথা ছিল সৌদি আরবের রিয়াধ বিমানবন্দর দিয়ে। সেখানে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে। সে অনিশ্চয়তা না কাটলে দুই দল আসতে পারবে না।
তাই নিরাপত্তার কারণে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দল পাঠাতে পারছে না বলে জানিয়েছে। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানান, ‘দুই দলই এই ম্যাচ পরে খেলবে বলে জানিয়ে ই-মেলও করেছে।’ আর সেজন্যই এই ম্যাচ আপাতত হচ্ছে না। অর্থাৎ, কলকাতার ক্রীড়াপ্রেমীদের এল ক্লাসিকোর প্রাক্তন তারকাদের দেখার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=9bWDY_6LmGXhTH_e” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>