এল ক্লাসিকোর আগে শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ, বার্সার ফুটবলার লোপেজকে খোঁচা হোসে মোরিনিয়োর!

Photo: X

দুই দল মাঠে নামার আগেই এল ক্লাসিকোর উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। রবিবার বার্সেলোনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে রেফারিকে নিয়ে বিতর্কে নতুন করে উত্তেজনা তৈরি হল দুই শিবিরের মধ্যে।

বার্সেলোনার মিডফিল্ডার ফার্মিন লোপেজের মন্তব্যের জবাব দিতে গিয়ে রিয়াল কোচ হোসে মোরিনিয়ো বুঝিয়ে দিলেন, শুধু তাঁর দলের অভিযোগ নিয়েই আলোচনা হলে চলবে না। তাঁর মতে, এমন কিছু ঘটনাও রয়েছে, যা বার বার ঘটছে এবং যা নিয়ে তাঁরাও বিরক্ত।

সম্প্রতি ফার্মিন বলেছিলেন, রেফারিদের নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। বার্সেলোনা নিজেদের খেলায় মন দিতে চায় বলেও জানিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। সেই মন্তব্যের প্রসঙ্গ উঠতেই মোরিনিয়োর জবাব, ‘কী আর বলব! আমাদেরও অনেক কিছুতে ক্লান্তি আসে, অথচ সেই ঘটনাগুলো বার বার ঘটেই চলেছে’। তবে ঠিক কোন ঘটনার কথা তিনি বলছেন, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি পর্তুগিজ কোচ।


ম্যাচের গুরুত্ব বোঝাতে গিয়ে আত্মবিশ্বাসী মনে হল মোরিনিয়োকে। দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে অতিরিক্ত আলোচনা করতে তিনি নারাজ। তাঁর বক্তব্য, এল ক্লাসিকোর মতো ম্যাচের চরিত্র অন্য রকম। আগের ম্যাচে কে কেমন খেলেছে, তার উপর এই লড়াইয়ের ফল নির্ভর করে না।

মোরিনিয়োর কথায়, ‘আমরা যখন ভাল ছন্দে থাকি, তখন ভাল খেলি, গোলও করি। কিন্তু আগের ম্যাচে কী করেছি, এল ক্লাসিকো তার উপর নির্ভর করে না। এই ম্যাচ সত্যিই অন্য রকম’।

রিয়াল মাদ্রিদ এ বার আদৌ ট্রফি জেতার মতো জায়গায় রয়েছে কি না, সেই প্রশ্নের জবাবেও আত্মবিশ্বাসের সুর শোনা গেল রিয়াল কোচের গলায়। তাঁর সংক্ষিপ্ত উত্তর, ‘মোরিনিয়ো থাকলেই রিয়াল মাদ্রিদ ট্রফি জেতে।’ কোচ হিসেবে নিজের উপর আস্থা যে এখনও অটুট, তা বুঝিয়ে দিয়েছেন এই মন্তব্যে।

এল ক্লাসিকোর আগে সম্ভাব্য রেফারির নাম নিয়ে জল্পনা চলছে। সেই প্রসঙ্গে মোরিনিয়ো বলেন, কোনও নির্দিষ্ট রেফারির নাম তাঁকে উদ্বিগ্ন করে না। বরং নিয়ম ঠিক ভাবে মানা হচ্ছে কি না, সেটাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

মোরিনিয়োর কথায়, ‘রেফারির নাম আমাকে কখনও বিরক্ত করে না। আমি প্রথম থেকেই ধরে নিই, রেফারি ভাল। আমার আপত্তি তখনই, যখন নিয়ম ভাঙা হয়। অভ্যন্তরীণ সূত্রে যা জানতে পারছি, তাতে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তিন সপ্তাহ আগে এক জনের নাম উঠে এসেছিল, এখন আর এক জনের নাম শোনা যাচ্ছে। কিন্তু ক্লাবের ভিতর থেকে কেউ আমাকে নিশ্চিত করে বলেনি, শেষ পর্যন্ত কোন রেফারি দায়িত্বে থাকছেন’।

তবে কোনও নির্দিষ্ট রেফারির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেননি রিয়াল কোচ। তাঁর বক্তব্যে স্পষ্ট, এই বিতর্কে ব্যক্তির চেয়ে নিয়ম মেনে চলার বিষয়টিকেই গুরুত্ব দিতে চান তিনি।

বার্সেলোনার আক্রমণের অন্যতম বড় ভরসা লামিনে ইয়ামাল। তরুণ এই তারকাকে আটকাতে রিয়াল আলাদা কোনও পরিকল্পনা করবে কি না, সেই প্রশ্নের জবাবে মোরিনিয়ো বলেন, ‘ও দুর্দান্ত ফুটবলার। ভাল খেলোয়াড়দের সম্মান করতেই হয়। কিন্তু সম্মান দেখানো আর কোনও খেলোয়াড়কে আটকাতে নিজেদের পরিকল্পনা, কাঠামো ও পরিচয় বদলে ফেলা এক কথা নয়। ইয়ামাল হোক বা ওর মতো মানের অন্য কোনও ফুটবলার, আমরা সেটা করব না’।

প্রতিপক্ষকে খোঁচা দিলেও এল ক্লাসিকোর আগে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের প্রশংসা শোনা গিয়েছে মোরিনিয়োর গলায়। তাঁর কথায়, ‘ফ্লিক দুর্দান্ত কাজ করছে। তবে প্রতিপক্ষের প্রশংসা করলেও নিজের দলের প্রস্তুতি ও কৌশল নিয়েই বেশি ভাবতে চাই’।

চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জারমাঁর কাছে বার্সেলোনার হারের প্রভাব এল ক্লাসিকোয় পড়বে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। মোরিনিয়োর মতে, একটি ম্যাচের হার কোনও দলের আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলবে, এমনটা ধরে নেওয়ার কারণ নেই।

তিনি বলেন, ‘একটা ম্যাচে হারলে ওদের মানসিক অবস্থা বা আত্মবিশ্বাস বদলে যাবে বলে আমার মনে হয় না। আমরা যদি লিপজিগের কাছে ১-৪ গোলে হারতাম, তা হলেও আমার মানসিকতায় কোনও পরিবর্তন হত না’।

নিজেদের দল এখনও পুরোপুরি তৈরি নয় বলেও মনে করিয়ে দিয়েছেন মোরিনিয়ো। তাঁর বক্তব্য, রিয়াল মাত্র তিন মাস ধরে তাঁর অধীনে কাজ করছে। তাই কয়েক বছর ধরে একই কোচের অধীনে খেলা বার্সেলোনার সঙ্গে তুলনা করাটা ঠিক নয়।

সব মিলিয়ে এল ক্লাসিকোর আগে বাকযুদ্ধ জমে উঠেছে। ফার্মিনের মন্তব্যের জবাব দিয়েছেন মোরিনিয়ো, রেফারি নিয়ে বিতর্কেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এ বার রবিবার মাঠের লড়াইয়ে কে শেষ হাসি হাসে, সেটাই দেখার।