ডুরান্ড-সাফল্যের পরই কলকাতা লিগে জয় ইস্টবেঙ্গলের, আসছেন নয়া বিদেশিও

EBFC Win Photo-SNS

ডুরান্ড জয়ের পর দিনই কলকাতা লিগেও জয় তুলে নিল ইস্টবেঙ্গল। সোমবার ঘরের মাঠে কালীঘাট মিলন সংঘকে ১-০ গোলে হারিয়ে সুপার সিক্সের দিকে আরও এক ধাপ এগোল লাল-হলুদ ব্রিগেড।

৮৪ মিনিটে পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন মনতোষ মাঝি।

স্কোরলাইন দিয়ে অবশ্য ম্যাচের ছবিটা বোঝানো সম্ভব না। এদিন ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। এজন্য অবশ্য বিশেষ কৃতিত্ব প্রাপ্য কালীঘাট গোলরক্ষক রঞ্জন সোরেনের। চাকু মান্ডি, বিজয় মুর্মুদের একাধিক গোলমাল শট দুর্দান্ত দক্ষতায় বারবার আটকে দেন তিনি।


পাশাপাশি, এই ম্যাচে বেশ কয়েকবার বার- পোস্টও রক্ষা করে কালীঘাটকে। তবে শেষপর্যন্ত ইস্টবেঙ্গলের জয় আটকানো যায়নি। এই জয়ের ফলে সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। গ্রুপপর্বে এখনও দু’টি ম্যাচ বাকি তাদের। যার মধ্যে একটি ডার্বি। ফলে, সুপার সিক্সে ওঠা যে কার্যত নিশ্চিত লাল-হলুদের তা বলাই যায়।

এদিকে, ইস্টবেঙ্গলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার দিয়েগো জিভুলিচ। সোমবারই তাঁর দলে যোগদানের খবর ঘোষণা করা হল। তাঁর সঙ্গে আসন্ন মরসুমের জন্য চুক্তি করা হয়েছে।

মূলত, রক্ষণ ও মাঝমাঠ দু জায়গায় সমানভাবে স্বচ্ছন্দ ক্রোয়েশিয়ার এই ফুটবলার। ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়েও খেলেছেন জিভুলিচ। সেদেশের শীর্ষ স্তরের ক্লাব এনকে রুদেশ থেকে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন তিনি। ফলে, তাঁর আগমন যে দলের ভারসাম্য বাড়াবে এই আশা করা যেতেই পারে।