মরসুমের শুরুতেই অঘটন ঘটিয়ে দিয়েছে চার্চিল ব্রাদার্স। আইএসএলে অভিষেক ম্যাচেই মুম্বই সিটি এফসি-কে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে গোয়ার দল। এ বার তাদের সামনে ইস্টবেঙ্গল। রবিবার ফাতোরদা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এক দিকে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস, অন্য দিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে হারের ধাক্কা কাটিয়ে ঘরোয়া লিগে নতুন করে অভিযান শুরু করার তাগিদ। লড়াইয়ে কোনও দলই যে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়, তা বলাই যায়।
গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচ শুধু লিগের প্রথম জয় তুলে নেওয়ার লড়াই নয়, বরং মরসুমের শুরুতেই নিজেদের শক্তির পরিচয় দেওয়ার সুযোগ। অন্য দিকে, মুম্বইকে হারানোর পরে চার্চিলও ঘরের মাঠে আরও একটি বড় দলকে বধ করতে মরিয়া।
আইএসএলে প্রথম ম্যাচেই নজর কেড়েছে চার্চিল ব্রাদার্স। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে প্রথমে গৌরব বোরার গোলে এগিয়ে যায় তারা। পরে ম্যাচের শেষ দিকে কলম্বিয়ার স্ট্রাইকার সেবাস্তিয়ান গুতিয়েরেসের নিখুঁত শটে জয় নিশ্চিত হয় গোয়ার দলের।
তবে প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ চার্চিলের কোচ দিমিত্রিস দিমিত্রিউ। বরং দলের খেলার আরও উন্নতি প্রয়োজন বলে মনে করছেন তিনি।
দিমিত্রিউ বলেছেন, ‘অবশ্যই আমরা জিতেছি। প্রথম তিন পয়েন্টও পেয়েছি। কিন্তু উন্নতির অনেক জায়গা রয়েছে। আমরা খুব পরিশ্রম করেছি। নিজেদের খেলা বিশ্লেষণ করেছি। আমার বিশ্বাস, রবিবার আমরা আরও ভাল ফুটবল খেলব।’
পরপর দু’টি ঘরের মাঠের ম্যাচে দ্বিতীয়টিতেও জয়ের লক্ষ্য নিয়ে নামবে চার্চিল। তবে ইস্টবেঙ্গলের মতো অভিজ্ঞ দলের বিরুদ্ধে কাজটা যে সহজ হবে না, তা জানেন কোচ।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে আল-শোর্তার কাছে ২-৩ গোলে হেরেছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে দলের দুই গোলই করেছিলেন ডেভিড লালনসাঙ্গা। মহাদেশীয় প্রতিযোগিতায় বিদায়ের ধাক্কা সামলে এ বার ঘরোয়া লিগে নিজেদের অভিযান শুরু করতে চাইছে লাল-হলুদ।
দলে যোগ দিয়েছেন একাধিক নতুন ফুটবলার। গোলকিপার ফুরবা লাচেনপা, মিডফিল্ডার দানি রামিরেজ, অস্ট্রেলীয় আক্রমণাত্মক ফুটবলার ক্রিস ইকোনোমিডিস, স্ট্রাইকার আকে লোবা এবং পোল্যান্ডের লুকাস জলিনস্কির মতো ফুটবলারদের নিয়ে নতুন মরসুমে দল সাজিয়েছেন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস।
তবে চার্চিলকে হালকা ভাবে নিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। প্রতিপক্ষের শক্তি সম্পর্কে সতর্ক করে হাবাস বলেছেন, ‘ম্যাচটা আমাদের কাছে কঠিন। প্রতিপক্ষ দলটিও যথেষ্ট বিপজ্জনক। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট। ওদের আমরা সম্মান করি। কিন্তু নিজেদের খেলার মান আরও বাড়াতে হবে।’
অর্থাৎ, প্রতিপক্ষকে সমীহ করলেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না স্প্যানিশ কোচ।’
জাতীয় ফুটবল লিগ এবং আই লিগের সময় থেকেই চার্চিল ব্রাদার্স ও ইস্টবেঙ্গলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। দুই দলের শেষ সাক্ষাৎ হয়েছিল ২০২০-র ফেব্রুয়ারিতে। সেই ম্যাচ ১-১ ড্র হয়েছিল। এ বার প্রথম বার আইএসএলে মুখোমুখি হচ্ছে তারা।
এই ম্যাচে বাড়তি আকর্ষণ প্রভাত লাকরাকে ঘিরেও। ইস্টবেঙ্গল ছেড়ে চার্চিল ব্রাদার্সে যোগ দেওয়া এই ফুটবলারের সামনে রয়েছে পুরনো দলের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার সুযোগ।
চার্চিল চাইবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে আরও একটি বড় জয় তুলে নিতে। অন্য দিকে, ইস্টবেঙ্গলের লক্ষ্য লিগের শুরুতেই তিন পয়েন্ট নিয়ে নিজেদের খেতাব রক্ষার অভিযানকে স্মরণীয় করে তোলা।
আজ, রবিবার, ১৮ অক্টোবর, বিকেল ৫টায় ম্যাচের কিক-অফ। সরাসরি সম্প্রচার আইএসএলের ইউটিউব চ্যানেল, সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সোনি লিভে।