আইডাব্লুএলের ম্যাচে দুরন্ত জয় তুলে নিলো ইস্টবেঙ্গল মহিলা দল। ঘরের মাঠে শ্রীভূমি এফসিকে ৩-১ গোলে হারিয়ে দিল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিক করলেন স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। খেলার শুরু থেকে দাপট দেখাতে থাকে গতবারের চ্যাম্পিয়নরা। তবে, প্রয়োজনীয় গোল পেতে তাদেরকে প্রায় ৩৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল।
এইসময়, দুরন্ত গোল করে লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন ফাজিলা। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের চাপ বজায় রেখেছিল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। প্রথমার্ধে অবশ্য তা থেকে আর গোলের ব্যবধান বাড়েনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট পাঁচেকের মধ্যেই নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করে যান সেই ফাজিলা। ম্যাচের ৬০ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। অন্যদিকে, শ্রীভূমির হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন রিম্পা হালদার। এই ম্যাচে জয়ের ফলে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলেন রেস্টি নানজিরি, অষ্টম ওরাও’রা।
এই প্রসঙ্গে বলা যায়, প্রথম পর্বে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ থাকায় শ্রীভূমির বিপক্ষে ইস্টবেঙ্গলের ম্যাচটি পিছিয়ে দিতে হয়েছিল। সেই ম্যাচে সহজ জয় তুলে নিয়ে খেতাব ধরে রাখার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। দ্বিতীয় পর্বের ম্যাচে আগামী ৩০ এপ্রিল সেতু এফসির বিপক্ষে মাঠে নামবে ইস্টবেঙ্গল। সোমবার এই ম্যাচে একটিমাত্র ফ্লাডলাইট জ্বললো ইস্টবেঙ্গল মাঠে। ফলে, কার্যত অন্ধকারের মধ্যে খেলা চালিয়ে যেতে বাধ্য হলেন রেফারি।