প্রতি বছরের মতো এ বারও ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৭তম জন্মদিবস পালন করা হবে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’ হিসেবে পালন করে। প্রতি বছরের মতো এ বারও সেই উপলক্ষ্যে ক্লাব তাঁবুতে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠান হবে।
সকাল ১০টায় ক্লাব তাঁবুতে প্রয়াত সচিব দীপক দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এর পর রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসকেরা।
এ দিনের বিশেষ আকর্ষণ ক্লাবের মাঠে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। বিকেল সাড়ে চারটে থেকে ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হবে বিভিন্ন ক্রীড়াবিদ ও গুণী ব্যক্তিদের সংর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও শিল্পমন্ত্রী তাপস রায়। তিনি পল্টু দাস স্মারক বক্তব্যও রাখবেন। উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষও। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্লাবের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।
এই অনুষ্ঠানের মঞ্চেই সংবর্ধনা দেওয়া হবে সদ্য কমনওয়েলথ গেমসে সোনাজয়ী জুডোকা অস্মিতা দে-কে। ত্রিপুরার এই মহিলা জুডোকা এই প্রথম কমনওয়েলথ গেমসে জুডোয় সোনা জিতে ইতিহাস গড়েন। তাঁর সেই কীর্তির জন্যই এ বার তাঁকে সন্মান জানাবে কলকাতার লাল-হলুদ ক্লাব। পাশাপাশি সংবর্ধনা জানানো হবে অনুর্ধ্ব-২৩ এশিয়ান অ্যাথলেটিক্সের আসরে ৪x৪০০ মিটার রিলে রেসে সোনাজয়ী নফিসা খাতুন-কেও।
এ ছাড়া আইএফএ পরিচালিত ফুটবল লিগের প্রথম থেকে পঞ্চম ডিভিশনের সেরা খেলোয়াড়দেরও এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে। এই মঞ্চেই সংবর্ধনা দেওয়া হবে বাংলা ক্রীড়া ধারাভাষ্যের জগতে ৫০তম বছরে পা রাখা বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী ও ক্লাবের ১০০ বছরের থিম সং-এর গীতিকার রাজা চন্দ ও বিশিষ্ট সুরকার অরিন্দম চ্যাটার্জীকে।
বিশেষ এই দিনেই উদ্বোধন হবে ক্লাবের প্রাক্তন অধিনায়ক সুধীর কর্মকারের নামাঙ্কিত প্লেয়ার বক্স, দীপক দাসের নামাঙ্কিত প্রেসিডেন্সিয়াল বক্স এবং জ্যোতিষচন্দ্র গুহ-র নামাঙ্কিত অফিস কমপ্লেক্সেরও।