আগামী শনিবার চেন্নাইয়ের বিপক্ষে মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। তবে, মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে আশা-আশঙ্কার দোলাচলে লাল-হলুদ ব্রিগেড। আশার কথা যদি ডিফেন্ডার আনোয়ার আলি হন, তাহলে লাল-হলুদ ব্রিগেডের নতুন আশঙ্কার নাম অবশ্যই স্ট্রাইকার ইউসেফ ইজ্জেজারি। দুদিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকে ফের অনুশীলন শুরু করলো অস্কার ব্রুজোর দল। আর এদিন অনুশীলনের মাঝপথেই দলের ফিজিওর সঙ্গে স্টেডিয়াম ছাড়লেন ইজ্জেজারি।
জানা গিয়েছে, চোট নয় পারিবারিক কারণেই অনুশীলন চলাকালীন মাঠ ছাড়তে হয় তাঁকে। পাশাপাশি, এদিনের অনুশীলনে মূল আকর্ষণ ছিলেন প্যালেস্তাইন মিডফিল্ডার মহম্মদ রশিদ। শনিবার অনুশীলন চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। সেইসময় তাঁর চোট নিয়ে একটা আশঙ্কা তৈরী হয়েছিল।
সোমবার রশিদের স্ক্যান রিপোর্ট কিছুটা হলেও স্বস্তি দিয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। জানা গিয়েছে, তাঁর চোট খুব একটা গুরুতর নয়। তবে, রশিদকে নিয়ে বিশেষ তাড়াহুড়ো করতে রাজি নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।