ইস্টবেঙ্গল দাপটের সঙ্গে উড়িয়ে দিল পাঠচক্রকে

PIC -X

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল দাপটের সঙ্গে খেলে চলেছে। মঙ্গলবার ফের একবার লাল-হলুদ ব্রিগেডের শক্তির পরীক্ষা পাওয়া গেল। পাঠচক্রের বিরুদ্ধে সারাক্ষণ প্রাধান্য বিস্তার করে ইস্টবেঙ্গল ৫–১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল। যেভাবে লাল-হলুদ ব্রিগেডের ফুটবলাররা দুরন্ত ফুটবল খেলল, তাতে জোর গলায় বলতে পারা যায়, চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে বড় ভূমিকা রাখবে। অবশ্য ডুরান্ড কাপ ফুটবলের ডার্বি ম্যাচে মোহনবাগানের কাছে হার স্বীকার করার পরে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের এই খেলা সমর্থকদের মন ভরিয়ে দিয়েছে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে প্রায় কোণঠাসা করে রেখে দেয় ইস্টবেঙ্গল। সেই অর্থে বলা যায়, পাঠচক্র তাদের আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে বার বার পিছিয়ে পড়ে। তাদের রক্ষণভাগ দিশাহীন হয়ে পড়ে। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেছেন আকাশ হেমব্রম ও উত্তম হাঁসদা। আর একটি গোল করেন মহম্মদ বিলাল। খেলার ৫ মিনিটের মাথায় ডানদিক থেকে পাওয়া বলে আকাশ হেমব্রম নিখুঁত শটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।

তবে বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই পাঠচক্রের সৌভিক অধিকারী গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। খেলায় সমতা ফিরে আসার পর পাঠচক্রের ফুটবলাররা কিছুটা চাপ সৃষ্টি করতে থাকেন ইস্টবেঙ্গলের রক্ষণভাগে। তবে গোল করার মতো পরিস্থিতি তাঁরা করতে পারেননি। খেলার প্রথমার্ধে ইস্টবেঙ্গল ৩-১ গোলে এগিয়ে যায়। আকাশ হেমব্রম গোল করে ইস্টবেঙ্গলকে আবার ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তারপরেই উত্তম হাঁসদা গোল করে ইস্টবেঙ্গলকে ৩-১ ব্যবধানে পাঠচক্রের বিরুদ্ধে এগিয়ে রাখেন।


দ্বিতীয় পর্বের শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট আবার দেখতে পাওয়া যায়। ঝড়ের গতিতে উত্তম, তন্ময়, অঙ্কন ও চাকু মাণ্ডিরা যেভাবে আক্রমণ গড়ে তুলতে পারেন, তাতে পাঠচক্রের শিবিরে ত্রাহি ত্রাহি রব উঠতে থাকে। আকাশ হেমব্রম আরও একটি গোল করায় ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপরে বেশ কয়েকটি গোল করার মতো সুযোগ পেয়েও ইস্টবেঙ্গলের ফুটবলাররা গোল করতে ব্যর্থ হন। ম্যাচের একেবারে শেষ সময়ে মহম্মদ বিলাল গোল করে ইস্টবেঙ্গলের বড় ব্যবধানের (৫-১) জয়কে নিশ্চিত করে দেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, কলকাতা ময়দানে তাদের প্রিয় দলকে দেখার ইচ্ছা সমর্থকদের হারিয়ে গিয়েছে। গ্যালারিতে ছড়িয়ে ছিটিয়ে অল্প সংখ্যক সমর্থককে দেখতে পাওয়া গেল। একটা সময় ইস্টবেঙ্গলের খেলা দেখার জন্য শুধু কলকাতার নয়, জেলা থেকে প্রচুর সমর্থক ছুটে আসতেন মাঠে। এমনকি সকাল থেকে তাঁরা লাইন দিতেন খেলা দেখার জন্য। লাইন সামলাতে ঘোড়সওয়ার পুলিশকে মাঝেমধ্যেই লাঠি উঁচিয়ে ছুটে যেতে হত। কলকাতা ফুটবলের যে প্রাণ ছিল, তা পুরোপুরি হারিয়ে গিয়েছে। এখন তাঁদের প্রিয় দল খেলুক, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই।