ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ সরল কল্যাণীতে

গণেশ পুজোর জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না পাওয়ায় শেষ মুহূর্তে বদলে গেল কলকাতা লিগের সুপার সিক্সের ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচের ভেন্যু। বারাসত স্টেডিয়ামের বদলে আজ দুপুর তিনটে নাগাদ কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। রবিবার সরকারি ভাবে ম্যাচের পরিবর্তিত ভেন্যু ঘোষণা করেছে আইএফএ। তবে দিন এবং সময় অপরিবর্তিত থাকছে।

আগামী সোমবার বারাসতে ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা পাওয়া যাবে না বলে আগেই জানিয়েছিল স্থানীয় প্রশাসন। সেজন্য শনিবার থেকেই ম্যাচ কল্যাণীতে সরানোর আলোচনা চলছিল। কিন্তু স্টেডিয়ামের প্রশাসনিক দায়িত্বে বদল এবং মহামেডানের কল্যাণীতে খেলতে অনীহায় একটা সময় সংশয় তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বিকল্প ভেন্যু ব্যবস্থা করতে না পারে সেই কল্যাণীতেই হতে চলেছে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।

এই প্রসঙ্গে বলা যায়, সুপার সিক্সের প্রথম ম্যাচে ভবানীপুরকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট পেয়েছে মহামেডান। সাদা-কালো ব্রিগেডের হয়ে গোল দুটি করেছিলেন ফারদিন আলি মোল্লা এবং ইসরাফিল দেওয়ান। অন্য দিকে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে রীতিমতো চাপে ইস্টবেঙ্গল। শিরোপার লড়াইয়ে থাকতে এই ম্যাচে মহামেডানের বিরুদ্ধে জয় ছাড়া কোনও বিকল্প নেই অর্চিষ্মান বিশ্বাসের দলের কাছে।


এই মুহূর্তে তিন পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে শীর্ষে মোহনবাগান। সমান পয়েন্টে দ্বিতীয় মহামেডান। সোমবারই ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে লিগের লড়াইয়ে সোমবারের এই দুই ম্যাচের ফলাফলই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।