রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে ইডেন উদ্যানে আইপিএল ম্যাচ দেখার আমন্ত্রণ জানালেন সিএবির সভাপতি সৌরভ গাঙ্গুলি। ফোনে দু’জনের মধ্যে বাংলা ক্রিকেটের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে দু’জনের। বাংলা ক্রিকেটের উন্নয়ন নিয়েই মূলত আলোচনা হয়েছে। এজন্য, প্রয়োজনে সিএবি সভাপতির সঙ্গে বৈঠকেও বসতে চান রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী।
নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে বৃহস্পতিবার সিএবির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। সংস্থার কোষাধ্যক্ষ সঞ্জয় দাস তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পুষ্পস্তবক তুলে দেন। পাশাপাশি, সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি রাজ্যের নবাগত এই ক্রীড়ামন্ত্রীকে আগামী ১৬ মে ইডেন উদ্যানে আইপিএলে কেকেআর ও গুজরাট টাইটান্সের ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়াও, বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর সঙ্গে ছিলেন ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি ও সুবীর গাঙ্গুলী। এদিন ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তাঁকে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বিশেষ শুভেচ্ছা জানান দেবব্রত সরকার। একইসঙ্গে, ক্লাবের পক্ষ থেকে একটি স্মারকও ক্রীড়ামন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে বলা যায়, দায়িত্ব নেওয়ার পর নিশীথ জানিয়েছেন, বাংলার ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিমুক্ত ও পরিবারতন্ত্রের প্রভাবমুক্ত করতে চান তিনি। রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের উন্নত পরিকাঠামো ও সঠিক সুযোগ দেওয়ার আশ্বাসও দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। জানিয়েছিলেন, কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে হাত মিলিয়ে ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য দ্রুততার সঙ্গে কাজ করবেন।