ঘরের মাঠে ইস্টবেঙ্গল কোচ হিসেবে তাঁর অভিষেক ম্যাচ খুব একটা সুখের হল না আন্তোনিও লোপেজ হাবাসের। বুধবার আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ০-১-এ হেরে গেল লাল-হলুদ ব্রিগেড।
তাদের প্রথম ম্যাচে কাস্টমসকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল দু’দলই। ফলে, এদিনের ম্যাচ ছিল মূলত গ্রুপ-শীর্ষে থাকার লড়াই। সেই লড়াইয়ে হারতে হল লাল-হলুদ শিবিরকে।
এই ম্যাচে হারের ফলে গ্রুপ-বি থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছাল ইস্টবেঙ্গল। অন্যদিকে, গ্রুপ-এ থেকে শীর্ষস্থানে থেকেই পরের রাউন্ডের ছাড়পত্র পেয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এই অবস্থায় শিল্ডের সেমিফাইনালেই ডার্বি ম্যাচ হওয়ার কথা। কিন্তু আইএফএ’র পক্ষ থেকে এই ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি।
এ দিনের ম্যাচে ডাগআউটে ছিলেন হাবাস। শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে ক্রিস ইকোনোমিডিস এবং দিয়েগো জিভুলিচকে নিয়ে শুরু করে ইস্টবেঙ্গল। কিন্তু, তাতে বিশেষ লাভ হয়নি। এই ম্যাচে লাল-হলুদ জার্সিতে দুই বিদেশি ফুটবলারই নজর কাড়তে ব্যর্থ হন। বরং, প্রথমার্ধের বেশিরভাগ সময়ে বল দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করে পাঞ্জাব এফসি। ১৮ মিনিটে বিশু শর্মার শট সাইড নেটে লাগে। ৩০ মিনিটে আলফ্রেড ময়ার চেষ্টা আটকে দেন গোলরক্ষক ফূর্বা লাচেনপা।
পাঞ্জাবের আক্রমণের মধ্যে বিক্ষিপ্ত কিছু সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনেও। চতুর্থ মিনিটেই ইকনোমিডিসের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২১ মিনিটে তাঁরই ক্রস থেকে রোহিত দানুর হেডও বাইরে চলে যায়।
এই অবস্থায় খেলার ৪১ মিনিট নাগাদ এগিয়ে যায় পাঞ্জাব। বক্সের ভিতর বল ক্লিয়ার করতে গিয়ে রাফায়েল মেসি বাউলির পায়ে বল তুলে দেন ইস্টবেঙ্গল রক্ষণভাগের খেলোয়াড় লালচুঙনুঙ্গা। সেই বল মেসি ক্রস বাড়ালে, তা থেকে গোল করতে ভুল করেননি দিয়েগো হেনরিকে অলিভিয়েরা রাপোসো।
গোল খেয়ে ম্যাচ ফেরার চেষ্টা যে করেনি ইস্টবেঙ্গল, তা নয়। কিন্তু এই সময় তারা বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল আসেনি। এমনকী, প্রথমার্ধের সংযুক্ত সময়ে বক্সের বাইরে থেকে সুবিধাজনক অবস্থায় ফ্রিকিক পেয়েও গোল করতে পারেননি ইকোনোমিডিস। তাঁর দুর্বল শট প্রতিপক্ষের খেলোয়াড়দের গায়ে লেগে আটকে যায়।
গোল শোধের লক্ষ্যে বিরতির পর দলে একাধিক পরিবর্তন আনেন হাবাস। রোহিত দানুকে তুলে পিভি বিষ্ণুকে মাঠে নামান তিনি। পরে জিকসন সিং ও বিপিন সিংকেও নামানো হয়। তাতেও গোল শোধে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। খেলার সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাঞ্জাবের অধিনায়ক নিখিল প্রভু।
শেষ দিকে ১০ জনের পাঞ্জাবকে পেয়ে আক্রমণের চাপ বাড়ালেও তাদের রক্ষণ ভাঙতে পারেননি মহম্মদ বিলাল, জিকসন সিং-রা। ফলে, শেষপর্যন্ত ০-১-এ হেরেই মাঠ ছাড়তে হয় হাবাস ব্রিগেডকে।