সুপার সিক্স নিশ্চিত করতে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। ইস্টবেঙ্গল অবশ্য হিসাব কষে খেলল না। বরং, গ্রুপ লিগের ম্যাচে ক্যালকাটা কাস্টমসকে ২-০ গোলে হারিয়ে সুপার সিক্সে নিজেদের জায়গা পাকা করে নিল লাল-হলুদ ব্রিগেড। ঘরের মাঠে এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন মনোতোষ মাঝি ও আকাশ হেমব্রম।
ম্যাচের শুরু থেকেই কাস্টমসকে চাপে রেখেছিল ইস্টবেঙ্গল। তারই ফল মিললো তিন মিনিটের মধ্যে। মাঝমাঠ থেকে একক দক্ষতায় বক্সে ঢুকে যান অধিনায়ক তন্ময় দাস। তাঁর বল বাড়ানো বল জালে জড়াতে ভুল করেননি মনোতোষ মাঝি। এরপর ৩৬ মিনিটে এলো দ্বিতীয় গোল। কাস্টমসের মনোরঞ্জন সিং বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গেলে তাঁর ভুলে বল পেয়ে যান আকাশ হেমব্রম। অরক্ষিত অবস্থায় তা থেকে সহজেই ব্যবধান বাড়িয়ে যান তিনি।
২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। উল্টে একের পর এক সহজ সুযোগ নষ্ট করেন মহম্মদ বিলালরা। ম্যাচের শেষ দিকে কাস্টমস গোলকিপার সোমনাথ দত্তকে টপকে গিয়েও গোল করতে পারেননি ইস্টবেঙ্গলের এক ফুটবলার। ডিফেন্ডার রুদ্রনাথ সামন্তের দুরন্ত ক্লিয়ারেন্সে সেক্ষেত্রে বেঁচে যায় কাস্টমস। তার আগে অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল মনোরঞ্জন সিংকে। শেষদিকে, কাস্টমসের রাজেন ওরাওঁ-ও গোলের সুযোগ নষ্ট করেন।
এই জয়ের ফলে নয় ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। এই গ্রুপ থেকে ভবানীপুর ও মোহনবাগানও পরের পর্বে উঠেছে। গ্রুপ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের, যার মধ্যে রয়েছে কলকাতা ডার্বিও। ফলে, বাকি দুই ম্যাচ জিতলে গ্রুপ শীর্ষে ওঠার সুযোগও থাকবে তন্ময় দাস, মনোতোষ মাঝিদের সামনে।