শেষ মুহূর্তের গোলে লিগের লড়াইয়ে টিকে রইলো ইস্টবেঙ্গল

PIC- EAST BENGAL

সুপার সিক্সে হলো কি ইস্টবেঙ্গলের ?  চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে কার্যত বিদায় নিতে নিতে বেঁচে গেল লাল-হলুদ ব্রিগেড। সোমবার কল্যাণী স্টেডিয়ামে লিগের মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে কোনোক্রমে ড্র করল অর্চিষ্মান বিশ্বাসের দল। খেলার ফলাফল ১-১।

চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধেও ড্র করেছিল ইস্টবেঙ্গল। ফলে, লিগের লড়াইয়ে টিকে থাকতে গেলে সাদা-কালো ব্রিগেডের বিরুদ্ধে জয় ছাড়া উপায় ছিল না তাদের সামনে। কিন্তু, সেই ম্যাচের প্রথমার্ধে অদ্ভুতভাবে গুটিয়ে রইলেন তন্ময় দাস,  বিজয় মুর্মুরা। উল্টে দাপট দেখিয়ে গেল মহমেডানই। তা সত্ত্বেও বিক্ষিপ্ত কিছু সুযোগ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ১৩ মিনিটে বিজয় মুর্মুর দূরপাল্লার শট আটকে দেন গোলকিপার নিখিল ডেকা। এরপর বাকি সময় বলার মতো কিছু করতে পারেনি দুই দলই। তবে, ম্যাচের ৪০ মিনিটে মহমেডানের এক ফুটবলারের শট রুখে দেন ইস্টবেঙ্গলের গৌরব শ। যারফলে, গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে গোল করার লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। তবে, আক্রমণে ঝাঁঝ বাড়ালেও প্রয়োজনীয় গোলের দেখা কিছুতেই পাচ্ছিল না তারা। উল্টে খেলার ৬৯ মিনিটে লালথানকিমার গোলে এগিয়ে যায় মহমেডান। ০-১ গোলে পিছিয়ে পড়ার পর চেষ্টা করেও বিপক্ষের গোলমুখ খুলতে পারছিলেন না লাল-হলুদ খেলোয়াড়রা। ফলে একটা সময়ে মনে হচ্ছিল, এই হারেই হয়তো শেষ হয়ে যাবে ইস্টবেঙ্গলের খেতাবের স্বপ্ন। কিন্তু, খেলার একেবারে সংযুক্তি সময়ের পঞ্চম মিনিটে আকাশ হেমব্রমের গোলে সমতা ফেরায় লাল-হলুদ ব্রিগেড।


এদিকে, অন্য ম্যাচে পয়েন্ট নষ্ট করল মোহনবাগান সুপার জায়ান্টও। যারফলে, দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে মোহনবাগান শীর্ষে থাকলেও জমে গেল লিগের লড়াই। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে মহমেডান। অন্যদিকে, দু’ম্যাচে ইস্টবেঙ্গলের সংগ্রহ দুই পয়েন্ট। ফলে, শেষ ম্যাচে কোল ইন্ডিয়াকে পাঁচ গোলের ব্যবধানে হারাতে পারলে এবং মোহনবাগান-মহমেডান ম্যাচ ড্র হলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে লাল-হলুদের ব্রিগেডের সামনেও।