এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’য়ের ম্যাচ খেলতে শনিবার মাঝরাতে শহর ছেড়েছিল ইস্টবেঙ্গল। কলকাতা থেকে দোহা হয়ে রবিবার বিকেলে আম্মান পৌঁছে গেল লাল-হলুদ ব্রিগেড। গোড়ালির চোটে শেষ তিনদিন অনুশীলন না করলেও দলের সঙ্গেই জর্ডন গেছেন ইস্টবেঙ্গলের প্যালেস্তাইন মিডফিল্ডার মহম্মদ রশিদ। পাশাপাশি, পুরোপুরি সুস্থ না হলেও দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে পি ভি বিষ্ণুকেও। তবে, জর্ডন যাননি মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, বরিস সিং এবং ডিফেন্ডার নাচো মনসালভেস। জানা গিয়েছে, নাচো সম্ভবত দেশে ফিরে গিয়েছেন।
বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ন’টা নাগাদ আম্মান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’য়ের প্রথম ম্যাচে আল হুসেইনের মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। তার আগে দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তিই ভাবাচ্ছে লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। রবিবার জর্ডনে পৌঁছে ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন তিনি। আজ এবং আগামীকাল দু’দিন অনুশীলন করে আল হুসেইনের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ আল হুসেইন দলে বিশ্বকাপে খেলা একাধিক ফুটবলার রয়েছেন। সেসব নিয়ে আপাতত বিশেষ ভাবতে রাজি নন লাল-হলুদের স্প্যানিশ হেড স্যার। বরং, কলকাতা ছাড়ার আগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তাঁর দল।
এসবের মাঝেই জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে কলকাতায় আসতে চলেছেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি একে আর্নে লোবা। আপাতত, কলকাতায় নিজের মতো অনুশীলন সারবেন তিনি। এদিকে, এফিইয়ং জট না কাটলেও ষষ্ঠ বিদেশি হিসেবে পোল্যান্ডের লুকাস জোলিনিস্কির সঙ্গে অনেকটাই কথা এগিয়েছে লাল-হলুদের। তাঁকে পাওয়ার ব্যাপারে বিশেষ আশাবাদী ম্যানেজমেন্ট। যদিও, এখনও চুক্তি সই হয়নি। ৩৩ বছর বয়সি পোলিশ এই স্ট্রাইকার ছয় ফুটের উপর লম্বা। দীর্ঘদিন পোল্যান্ডে শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে এফিয়ংকে নিয়েও একটা শেষ চেষ্টা করতে চাইছে ইস্টবেঙ্গল।